ইসলামাবাদ: পাকিস্তানের রাজনীতিতে সেনাবাহিনীর ভূমিকা নিয়ে ফের জোরালো বিতর্ক শুরু হয়েছে। এবার সরাসরি সেনাপ্রধান তথা ফিল্ড মার্শাল আসিম মুনিরকে প্রকাশ্যে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন দেশের অন্যতম প্রভাবশালী ইসলামপন্থী নেতা ও জমিয়ত উলামায়ে ইসলাম (জেইউআই-এফ)-এর প্রধান মৌলানা ফজলুর রহমান।
এক জনসভায় বক্তব্য রাখতে গিয়ে রহমান বলেন, “যদি রাজনীতি করতে চান, তাহলে ইউনিফর্ম খুলে ভোটে লড়ুন। জনগণই বলে দেবে আপনার প্রকৃত জনপ্রিয়তা কত।” তাঁর এই মন্তব্য পাকিস্তানের রাজনীতিতে সেনাবাহিনীর দীর্ঘদিনের প্রভাবকে কেন্দ্র করে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
পাকিস্তানে বহু দশক ধরেই সেনাবাহিনীর রাজনৈতিক হস্তক্ষেপ নিয়ে বিতর্ক রয়েছে। সেই প্রেক্ষাপটে ফজলুর রহমানের এই বক্তব্যকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। সেনাবাহিনীর প্রত্যক্ষ বা পরোক্ষ রাজনৈতিক প্রভাবের সমালোচনায় বরাবরই সরব থেকেছেন তিনি।
এটি অবশ্য মুনিরের বিরুদ্ধে রহমানের প্রথম আক্রমণ নয়। এর আগেও আফগানিস্তানের ভেতরে তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি)-এর বিরুদ্ধে আন্তঃসীমান্ত সামরিক অভিযানের কৌশলের বিরোধিতা করেছিলেন তিনি। সেই সময়ও ইসলামাবাদের নিরাপত্তা নীতির সমালোচনা করে কেন্দ্রীয় সরকারের অবস্থানের বিরুদ্ধে প্রশ্ন তুলেছিলেন জেইউআই-এফ প্রধান।
১৯৫৩ সালে ডেরা ইসমাইল খানে জন্মগ্রহণকারী ফজলুর রহমান পাকিস্তানের প্রভাবশালী ধর্মীয় ও রাজনৈতিক পরিবার থেকে উঠে এসেছেন। তাঁর বাবা মুফতি মাহমুদ খাইবার পাখতুনখোয়ার (তৎকালীন উত্তর-পশ্চিম সীমান্ত প্রদেশ) মুখ্যমন্ত্রী ছিলেন। ১৯৮০ সালে বাবার মৃত্যুর পর জমিয়ত উলামায়ে ইসলামের নেতৃত্ব গ্রহণ করেন রহমান এবং ১৯৮৮ সালে প্রথমবার পাকিস্তানের জাতীয় সংসদে নির্বাচিত হন। এরপর একাধিকবার সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি।
মুনিরকে ঘিরে রহমানের এই প্রকাশ্য চ্যালেঞ্জ পাকিস্তানের রাজনৈতিক অঙ্গনে নতুন সমীকরণের ইঙ্গিত দিচ্ছে বলে মনে করা হচ্ছে। বিশেষ করে সেনাবাহিনী ও অসামরিক রাজনীতির সম্পর্ক নিয়ে যখন নতুন করে প্রশ্ন উঠছে, তখন এই মন্তব্য দেশের রাজনৈতিক পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলতে পারে।







