কলকাতা

একুশে জুলাইয়ে উধাও চেনা জনস্রোত! কলকাতা জুড়ে স্বাভাবিক ছন্দ, বিভ্রান্ত তৃণমূল কর্মী-সমর্থকরা

একসময় ২১ জুলাই মানেই ছিল কলকাতার রাস্তাজুড়ে জনস্রোত, স্টেশন-ফেরিঘাটে উপচে পড়া ভিড়, আর শহরজুড়ে তৃণমূলের পতাকার সমারোহ। কিন্তু এবারের ছবিটা সম্পূর্ণ ভিন্ন। রাজনৈতিক পালাবদলের পর প্রথম ২১ জুলাইয়ে সেই পরিচিত আবহ কার্যত অনুপস্থিত। সকাল থেকেই কলকাতার অধিকাংশ রাস্তা, হাওড়া ও শিয়ালদা স্টেশন, ফেরিঘাট এবং গণপরিবহনে অন্য দিনের মতোই স্বাভাবিক পরিস্থিতি দেখা গিয়েছে।

এবার একক মঞ্চে নয়, আলাদা আলাদা শিবিরে ২১ জুলাই পালন করছে তৃণমূলের বিভিন্ন অংশ। ক্যাথিড্রাল রোডে ‘কালীঘাট তৃণমূল’, মেয়ো রোডে ‘ঋতব্রত তৃণমূল’ এবং শহিদ মিনার চত্বরে কংগ্রেসের কর্মসূচি থাকায় কোন সভায় যোগ দেবেন, তা নিয়েই বিভ্রান্তিতে পড়েছেন বহু কর্মী-সমর্থক।

প্রতি বছর ২১ জুলাইয়ের আগের রাত থেকেই উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা থেকে হাজার হাজার কর্মী কলকাতায় পৌঁছতেন। হাওড়া স্টেশন থেকে ধর্মতলা পর্যন্ত ছিল মিছিলের ঢল। স্টেশন চত্বর সাজানো হতো দলীয় পতাকা, ফেস্টুন ও অভ্যর্থনা মঞ্চে। জেলা থেকে আসা কর্মীদের থাকার ও খাওয়ার বিশেষ ব্যবস্থাও করা হতো। কিন্তু এ বছর সেই সমস্ত আয়োজন প্রায় চোখেই পড়েনি। সকাল গড়িয়েও হাওড়া স্টেশন কিংবা ফেরিঘাটে অতিরিক্ত ভিড়ের কোনও চিহ্ন মেলেনি।

১৯৯৩ সালের ২১ জুলাই মহাকরণ অভিযানে পুলিশের গুলিতে ১৩ জন যুব কংগ্রেস কর্মীর মৃত্যুর স্মৃতিকে কেন্দ্র করেই এই দিনটি ‘শহিদ দিবস’ হিসেবে পালন করে আসছে তৃণমূল। দীর্ঘদিন ক্ষমতায় থাকার সময়ে এই কর্মসূচি রাজ্যের অন্যতম বৃহত্তম রাজনৈতিক সমাবেশে পরিণত হয়েছিল। তবে এবার রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তন এবং সংগঠনের অভ্যন্তরীণ বিভাজনের প্রভাব স্পষ্টভাবে ধরা পড়েছে একুশের চেনা ছবিতে।

যে ২১ জুলাই একসময় কলকাতাকে কার্যত থমকে দিত, সেই দিনেই এ বছর শহর ছিল অনেকটাই স্বাভাবিক ছন্দে। আর সেটাই এবারের একুশের সবচেয়ে বড় রাজনৈতিক বার্তা বলে মনে করছেন পর্যবেক্ষকদের একাংশ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.