আইপিএলের প্রভাব মহিলাদের বিশ্বকাপে ! অনিশ্চয়তা তৈরি হয়েছে ২৬ এর টি২০ বিশ্বকাপ ও আইপিএল নিয়েও । ১৮ বছর পর কাপ এসেছে রয়াল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ঘরে । স্বাভাবিক ভাবেই রয়ালদের লয়াল আর্মির উচ্ছ্বাস যেন বাঁধ মানছিল না । কিন্তু খুশির জয় মুহূর্তেই বদলে যায় অভিশাপে । পদপিষ্ট হয়ে মৃত্যু হয় ১১ জনের । যার দায় পড়ে কর্ণাটক ক্রিকেট সংস্থা ও বেঙ্গালুরু দলের ওপর । এর মাঝেই আবার বিতর্ক দানা বেঁধেছে । বিচারপতি জন মাইকেল কুনহার কমিশন বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামকে অযোগ্য তকমা দিয়েছে । যার ফলে , ওই স্টেডিয়ামে হওয়া মহিলাদের ৫০ ওভারের বিশ্বকাপের ম্যাচ নিয়ে চিন্তা বাড়ছে । পাশাপাশি প্রশ্ন উঠছে , এবার থেকে কি তাহলে চিন্নাস্বামী আর বেঙ্গালুরুর হোম গ্রাউন্ড থাকবে না !
বিচারপতি জন মাইকেল কুনহা কমিশনের রিপোর্ট অনুযায়ী , চিন্নাস্বামী স্টেডিয়ামে বড় অনুষ্ঠান আয়োজন করা সমস্যাজনক । ১৯৭৪ সালে তৈরি হওয়া এই স্টেডিয়ামটি এমন ভাবে নির্মিত হয়েছে , যেখানে হঠাৎ কোনো বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হলে , তা সামাল দেওয়া মুশকিল হয়ে পড়বে। এমনকি স্টেডিয়ামের ভেতরে যাওয়ার এবং বাইরে বেরোনোর গেটও অনেকটাই ছোটো , যার ফলে সেখান দিয়ে তাড়াহুড়ো করে বেরোনো সম্ভব নয় । এমনকি স্টেডিয়ামে কোনো আপৎকালীন দ্বারও নেই ।
পাশাপাশি স্টেডিয়ামের বাইরেই আরসিবি এর বিজয় মিছিলে ১১ জন পদপিষ্ট হয়েছিলেন । তাই রিপোর্টে বলা হয়েছে , ভবিষ্যতে ওই স্টেডিয়ামে বড়ো কোনো অনুষ্ঠানের ঝুঁকি নেওয়া সম্ভব নয় । সেই কারণে , এবার কর্ণাটক ক্রিকেট সংস্থাকে অন্য কোনো ব্যবস্থা করতে হবে । এছাড়াও জানানো হয়েছে , কর্ণাটক ক্রিকেট সংস্থা যদি অন্য কোনো ব্যবস্থা করতে চায় , সেক্ষেত্রেও তাদের সব শর্ত পূরণ করতে হবে ।







