বলিউডের কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চনের শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগের অবসান। সম্প্রতি অস্ত্রোপচারের পর কয়েকদিন হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন থাকার পর এখন তিনি বাড়িতে ফিরেছেন। তবে সুস্থতার পথে ফিরলেও শারীরিক ও মানসিকভাবে যে কঠিন সময়ের মধ্যে দিয়ে যেতে হচ্ছে, সেই অভিজ্ঞতার কথাই নিজের ব্লগে তুলে ধরেছেন ৮৩ বছরের এই অভিনেতা।
অমিতাভ জানান, অস্ত্রোপচারের পর বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে তাঁকে আইসিইউতে রাখা হয়েছিল। হাসপাতাল থেকে ছাড়া পেলেও তাঁর মতে, আসল পরীক্ষা শুরু হয় বাড়ি ফেরার পর। কারণ অস্ত্রোপচারের ধকল কাটিয়ে স্বাভাবিক জীবনে ফিরতে গেলে শরীরের পাশাপাশি মানসিক শক্তিরও প্রয়োজন হয়।
নিজের ব্লগে তিনি লেখেন, জীবনের সবচেয়ে কঠিন সময় তখনই আসে, যখন একজন সফল মানুষ হঠাৎ দুর্বলতার মুখোমুখি হন। সেই পরিস্থিতিতে কেউ ভেঙে পড়েন, আবার কেউ লড়াই চালিয়ে যান। তাঁর বিশ্বাস, প্রতিকূলতার সামনে মাথা নত না করে যারা সাহসের সঙ্গে এগিয়ে চলেন, তারাই শেষ পর্যন্ত প্রকৃত বিজয়ী হন।
তবে কী কারণে অস্ত্রোপচার হয়েছে বা শরীরের কোন অংশে চিকিৎসা হয়েছে, সে বিষয়ে কোনও তথ্য প্রকাশ করেননি অভিনেতা। বরাবরের মতোই ব্যক্তিগত চিকিৎসা সংক্রান্ত বিষয় গোপন রেখেছেন তিনি।
অমিতাভের এই ব্লগ প্রকাশ্যে আসতেই অনুরাগীদের মধ্যে উদ্বেগের পাশাপাশি শুভেচ্ছার বন্যা বইতে শুরু করেছে। সোশ্যাল মিডিয়ায় অসংখ্য ভক্ত তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন। অনেকের মতে, ব্লগের প্রতিটি লাইনে ফুটে উঠেছে জীবনের কঠিন বাস্তবতা, আবার একই সঙ্গে ঘুরে দাঁড়ানোর অদম্য ইচ্ছাশক্তিও।
বয়স ৮৩ হলেও কাজের প্রতি তাঁর নিষ্ঠা ও মানসিক দৃঢ়তা আজও নতুন প্রজন্মের কাছে অনুপ্রেরণা। অসুস্থতার মধ্যেও জীবনের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গির বার্তাই যেন আবারও তুলে ধরলেন বলিউডের ‘শাহেনশা’।







