রাজনীতি

বিধানসভায় দুই তৃণমূলের তুমুল সংঘর্ষ, একদিনের জন্য সাসপেন্ড কুণাল ঘোষ

বিধানসভায় ফের প্রকাশ্যে এল দুই তৃণমূলের দ্বন্দ্ব। কুণাল ঘোষ ও বিরোধী মুখ্য সচেতক আখরুজ্জামানের মধ্যে বাগ্‌বিতণ্ডাকে ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে অধিবেশন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মার্শাল ডাকার নির্দেশ দেন স্পিকার রথীন্দ্রনাথ বসু। পরে বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষকে কক্ষের বাইরে বের করে দেওয়া হয় এবং তাঁকে একদিনের জন্য সাসপেন্ড করা হয়। ঘটনার কড়া সমালোচনা করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, “বিধানসভায় এমন আচরণ আগে দেখিনি। এই ঘটনার তীব্র নিন্দা করছি।”

নতুন বিধানসভা গঠনের পর থেকেই দুই তৃণমূল শিবিরের বিরোধ একাধিকবার সামনে এসেছে। বিরোধী দলের স্বীকৃতি পেয়েছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের দল, যার মুখ্য সচেতক আখরুজ্জামান। বুধবার তিনি বক্তব্য রাখতে উঠতেই আপত্তি জানান কুণাল ঘোষ। এরপরই প্রতিবাদে সরব হন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, পাশাপাশি বিদ্রোহী তৃণমূলের বিধায়ক ও বিজেপির মন্ত্রীরাও। মন্ত্রী শংকর ঘোষ, জগন্নাথ চট্টোপাধ্যায়-সহ একাধিক সদস্য ওয়েলে নেমে বিক্ষোভ দেখান। পরিস্থিতি উত্তপ্ত হওয়ায় স্পিকার মার্শাল ডেকে কুণাল ঘোষকে বাইরে নিয়ে যাওয়ার নির্দেশ দেন।

এদিকে কালীঘাটপন্থী তৃণমূল বিধায়কদের দীর্ঘদিনের অভিযোগ, বিধানসভায় তাঁদের বক্তব্য রাখার সুযোগ দেওয়া হচ্ছে না। তাঁদের দাবি, বক্তাদের তালিকায় কুণাল ঘোষের নাম থাকলেও পরে মুখ্য সচেতক সেই নাম বাদ দিয়ে অন্য সদস্যের নাম অন্তর্ভুক্ত করছেন। এর আগে এই অভিযোগ তুলেছিলেন শোভনদেব চট্টোপাধ্যায়। বুধবার অধিবেশনের প্রথমার্ধে একই অভিযোগ করেন কালীগঞ্জের বিধায়ক আলিফা আহমেদ। তখন স্পিকার বিষয়টি দলীয়ভাবে মিটিয়ে নেওয়ার পরামর্শ দেন। কিন্তু দ্বিতীয়ার্ধে আখরুজ্জামান বক্তব্য শুরু করতেই তাঁকে বাধা দেন কুণাল ঘোষ। পরে আখরুজ্জামান বলেন, “আমাদের ৮০ জন বিধায়ক রয়েছেন। সবাইকে কথা বলার সুযোগ দেওয়া সম্ভব নয়। কে বলবেন, তা আমরা ঠিক করব।”

ঘটনার নিন্দা জানিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, “এ ধরনের অসভ্য আচরণ বিধানসভায় আগে দেখিনি। বিরোধী ও শাসক—দুই ভূমিকাতেই থেকেছি। আখরুজ্জামান আগে মন্ত্রী ছিলেন, তাঁর বাবা হাবিবুর রহমান মুর্শিদাবাদের অত্যন্ত সম্মানিত ব্যক্তি ছিলেন। তাঁর সঙ্গে শারীরিকভাবে দুর্ব্যবহার করার চেষ্টা অত্যন্ত নিন্দনীয়।”

এরপর শিল্পমন্ত্রী তাপস রায় বিধানসভার ৩৪৮(২) ধারায় কুণাল ঘোষকে গোটা অধিবেশনের জন্য সাসপেন্ড করার প্রস্তাব আনেন। তিনি অভিযোগ করেন, কুণাল ঘোষ বিনা প্ররোচনায় বিরোধী মুখ্য সচেতকের উপর চড়াও হওয়ার চেষ্টা করেছেন, যা অত্যন্ত অনভিপ্রেত। তবে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, “অতিরিক্ত গুরুত্ব দেওয়ার প্রয়োজন নেই, একদিনের জন্য সাসপেন্ড করাই যথেষ্ট।” পরে ধ্বনি ভোটে সেই প্রস্তাব গৃহীত হয় এবং কুণাল ঘোষকে একদিনের জন্য সাসপেন্ড করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.