কয়েকদিন আগে রাজনৈতিক হিংসায় প্রাণ গিয়েছিলেন এক তৃণমূল কর্মী। আর এবার মৃতের পরিবারের জন্য চাকরির ব্যবস্থা করে দিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার।
ঘটনায় নিহত তৃণমূল কর্মীর দাদা যিনি তৃণমূলের বুথ সভাপতি, তিনিও জখম হয়েছিলেন। হতাহত এই দুই পরিবারের নিকট আত্মীয়দের চাকরির আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। তবে কোন ভিত্তিতে চাকরি দেওয়া হল তা নিয়ে প্রশ্ন তুলেছে বিজেপি। সূত্রের তথ্য অনুযায়ী রাজ্য সরকারের তরফে নিহত বিষ্ণুপদ মণ্ডলের স্ত্রী সুস্মিতা মণ্ডল ও আহত গুরুপদ মণ্ডলকে বিকল্প শক্তি ভবনের অ্যাটেনডেন্ট পদে নিযুক্ত করেছে সরকার। বুধবার সন্ধেয় নন্দীগ্রাম-১ ব্লক অফিসে চাকরিতে যোগদান করেন তাঁরা।
প্রসঙ্গত, তমলুক কো-অপারেটিভ এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ব্যাঙ্কের প্রতিনিধি নির্বাচনের পরবর্তীতে উত্তপ্ত হয়ে ওঠে নন্দীগ্রাম-১ ব্লকের কালীচরণপুর গ্রাম-পঞ্চায়েতের ৭ নম্বর জালপাই গ্রাম। তার পরবর্তীতেই বিগত ৮ ডিসেম্বর রাতে দুষ্কৃতীদের সশস্ত্র আক্রমণে দাদা গুরুপদ মণ্ডলকে বাঁচাতে গিয়ে খুন হন বিষ্ণুপদ। পরিবারে একমাত্র উপার্জনকারী স্বামীকে হারিয়ে দুই নাবালক সন্তানকে নিয়ে বিপাকে পড়েন মৃতের স্ত্রী সুস্মিতা মণ্ডল।
মৃতের স্ত্রী চাকরিতে যোগ দিয়ে জানান, “মুখ্যমন্ত্রী কথা রেখেছেন। নইলে যে কী হত আমাদের জানি না।”মৃতের দাদা গুরুপদ মণ্ডল ঘটনাটি সম্পর্কে জানান, “ঘটনার পর থেকেই মুখ্যমন্ত্রী থেকে শুরু করে দলের নেতৃত্বরা আমাদের দুই পরিবারের খোঁজ নিয়েছিলেন। প্রতিনিধি দল পাঠিয়ে পাশে থাকার বার্তা দিয়েছিলেন। কর্মসংস্থানের আশ্বাস দিয়েছিলেন। মুখ্যমন্ত্রী কথা রেখেছেন। এর জন্য আমরা কৃতজ্ঞ।”







