দেশজুড়ে নিট (NEET) পরীক্ষা ঘিরে বিতর্কের আবহে এবার মুখ খুললেন টলিউড সুপারস্টার জিৎ। সাধারণত রাজনৈতিক বা সমসাময়িক বিতর্কিত বিষয়ে প্রকাশ্যে মন্তব্য করতে দেখা যায় না অভিনেতাকে। তাই ছাত্র আন্দোলন এবং নিট পরীক্ষার অনিয়ম নিয়ে তাঁর প্রতিক্রিয়া স্বাভাবিকভাবেই বিশেষ গুরুত্ব পেয়েছে।
নিজের সামাজিক মাধ্যমে জিৎ স্পষ্ট ভাষায় জানান, নিট বিতর্ক আর শুধুমাত্র একটি পরীক্ষার বিষয় নয়। তাঁর মতে, এটি লক্ষ লক্ষ ছাত্রছাত্রী এবং তাঁদের পরিবারের ভবিষ্যৎ, স্বপ্ন ও বিশ্বাসের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। তাই পুরো ঘটনার নিরপেক্ষ, স্বচ্ছ এবং বিশ্বাসযোগ্য তদন্ত হওয়া অত্যন্ত জরুরি।
অভিনেতা বলেন, প্রতিটি মেধাবী পরীক্ষার্থীর ন্যায্য মূল্যায়ন পাওয়ার অধিকার রয়েছে। যাঁরা অনিয়মের সঙ্গে যুক্ত, তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার পাশাপাশি ভবিষ্যতে যাতে এমন ঘটনা আর না ঘটে, তার জন্য শিক্ষা ব্যবস্থায় স্থায়ী ও কার্যকর সংস্কার প্রয়োজন।
জিৎ আরও লেখেন, ছাত্রছাত্রীরা উত্তর পাওয়ার অধিকার রাখে। তাঁদের কঠোর পরিশ্রমের যথাযথ মূল্যায়ন নিশ্চিত করা এবং শিক্ষা ব্যবস্থার প্রতি মানুষের হারিয়ে যাওয়া আস্থা ফিরিয়ে আনা এখন সবচেয়ে বড় দায়িত্ব।
তবে নিজের বক্তব্যে তিনি কোনও রাজনৈতিক অবস্থান নেননি। বরং স্পষ্ট করে বলেছেন, এই ইস্যুকে রাজনৈতিক লাভ-লোকসানের হাতিয়ার না বানিয়ে দায়িত্বশীল সিদ্ধান্ত, জবাবদিহি এবং দীর্ঘমেয়াদি সংস্কারের দিকেই গুরুত্ব দেওয়া উচিত।
প্রসঙ্গত, নিট পরীক্ষায় অনিয়মের অভিযোগকে কেন্দ্র করে দিল্লির যন্তর মন্তরে কয়েকদিন ধরেই বিক্ষোভে সামিল হয়েছেন বহু পরীক্ষার্থী ও অভিভাবক। তাঁদের মূল দাবি, নিরপেক্ষ তদন্ত, দোষীদের বিরুদ্ধে কঠোর শাস্তি এবং ভবিষ্যতে পরীক্ষা ব্যবস্থাকে আরও স্বচ্ছ ও নিরাপদ করে তোলা। এই আন্দোলনের প্রতি ইতিমধ্যেই বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিত্ব সমর্থন জানিয়েছেন। এবার সেই তালিকায় যোগ হল টলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা জিৎ।
রাজনৈতিক বিতর্কে না গিয়ে শিক্ষার্থীদের ন্যায্য অধিকার এবং স্বচ্ছ শিক্ষা ব্যবস্থার পক্ষে তাঁর এই বার্তা সামাজিক মাধ্যমে ইতিমধ্যেই ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।







