শনিবার থেকেই শুরু হচ্ছে ডুরান্ড কাপ। উদ্বোধনী ম্যাচেই মুখোমুখি হতে চলেছে চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গল ও মোহনবাগান। ডার্বিকে ঘিরে উন্মাদনার মাঝেই গুরুত্বপূর্ণ নির্দেশিকা প্রকাশ করেছে ডুরান্ড কাপ কমিটি।
সম্প্রতি রাজ্যের ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁ জানিয়েছিলেন, ডুরান্ড কাপের ম্যাচ দেখতে আর ফিজিক্যাল টিকিটের প্রয়োজন হবে না। ই-টিকিট বা কিউআর কোড দেখিয়েই স্টেডিয়ামে প্রবেশ করা যাবে। তবে ডার্বি ম্যাচের ক্ষেত্রে সেই নিয়ম কার্যকর হচ্ছে না।
ডুরান্ড কাপ কমিটি তাদের সামাজিক মাধ্যমে জানিয়েছে, যাঁরা অনলাইনে টিকিট কিনেছেন, তাঁদের অবশ্যই ইস্টবেঙ্গল বা মোহনবাগান ক্লাব তাঁবু থেকে ফিজিক্যাল টিকিট সংগ্রহ করতে হবে। শুধু ই-টিকিট বা কিউআর কোড দেখিয়ে এই ম্যাচে স্টেডিয়ামে প্রবেশের অনুমতি মিলবে না। অর্থাৎ, ডার্বির জন্য পুরনো টিকিট ব্যবস্থাই বহাল থাকছে।
ইতিমধ্যেই বুকমাইশোতে অনলাইন টিকিট বিক্রি শুরু হয়েছে। টিকিটের মূল্য রাখা হয়েছে ২৫০, ৩০০ এবং ৩৫০ টাকা। দীর্ঘদিন ধরেই সমর্থকদের দাবি ছিল, সিনেমা হলের মতো শুধুমাত্র কিউআর কোড স্ক্যান করেই যেন মাঠে প্রবেশের সুযোগ দেওয়া হয়। সেই দাবি মেনে ভবিষ্যতে পেপারলেস টিকিট ব্যবস্থা চালুর সিদ্ধান্ত নেওয়া হলেও, ডার্বির ক্ষেত্রে তা সম্ভব হচ্ছে না।
ডুরান্ড কমিটির বক্তব্য, এই ম্যাচের ফিজিক্যাল টিকিট আগেই ছাপানো হয়ে যাওয়ায় শেষ মুহূর্তে সেই ব্যবস্থা বাতিল করা সম্ভব নয়। তাই উদ্বোধনী ডার্বিতে আগের নিয়মই কার্যকর থাকবে। তবে দুই প্রধানের পরবর্তী ম্যাচগুলি থেকে ধাপে ধাপে সম্পূর্ণ পেপারলেস টিকিট ব্যবস্থা চালু করার পরিকল্পনা রয়েছে।







