আগের দিনই তাঁর পদত্যাগের জোর জল্পনা শুরু হয়েছিল। শুক্রবার সেই জল্পনাতেই কার্যত সিলমোহর পড়ল। বাংলাদেশের রাষ্ট্রপতির পদ থেকে ইস্তফা দিলেন মহম্মদ সাহাবুদ্দিন। সংবিধান অনুযায়ী, নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হয়ে শপথ না নেওয়া পর্যন্ত রাষ্ট্রপতির দায়িত্ব সাময়িকভাবে পালন করবেন জাতীয় সংসদের স্পিকার। সূত্রের খবর, গত মে মাসে লন্ডন সফরে গিয়ে টেলিফোনে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথা বলেছিলেন সাহাবুদ্দিন। সেই ঘটনাকেই তাঁর পদত্যাগের অন্যতম কারণ বলে মনে করা হচ্ছে।
বাংলাদেশের সংবিধানে বলা হয়েছে, রাষ্ট্রপতি স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিতে পারেন। রাষ্ট্রপতির পদ শূন্য হলে বা তিনি অনুপস্থিত, অসুস্থ কিংবা অন্য কোনো কারণে দায়িত্ব পালনে অক্ষম হলে নতুন রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত স্পিকারই ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন। সেই নিয়ম মেনেই বর্তমানে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ দায়িত্ব সামলাচ্ছেন। একই সঙ্গে সংবিধান অনুযায়ী, আগামী ৯০ দিনের মধ্যে জাতীয় সংসদকে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে।
গত ৯ মে লন্ডনে যান সাহাবুদ্দিন এবং ১৮ মে দেশে ফেরেন। ওই সফরের মধ্যেই শেখ হাসিনার সঙ্গে তাঁর টেলিফোনে কথা হয়েছিল বলে গোয়েন্দা সূত্রে জানা যায়। এরপর থেকেই প্রশাসনের তরফে তাঁর উপর পদত্যাগের চাপ তৈরি হয় বলে বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়েছে। তবে বিএনপির এক প্রবীণ নেতার দাবি, শুধু ওই ফোনালাপই নয়, এর পিছনে আরও রাজনৈতিক কারণ রয়েছে। একটি সংবাদমাধ্যমকে তিনি জানান, শেখ হাসিনা আগামী ডিসেম্বর মাসে বাংলাদেশে ফেরার কথা ঘোষণা করার পর থেকেই দেশের রাজনৈতিক পরিস্থিতি আরও সংবেদনশীল হয়ে উঠেছে। সেই প্রেক্ষাপটে সাহাবুদ্দিনের পদত্যাগকে একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক বার্তা হিসেবেই দেখা হচ্ছে। তাঁদের মতে, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতেই তারেক রহমানের নেতৃত্বাধীন প্রশাসন আগে থেকেই সতর্ক অবস্থান নিতে চাইছে।
উল্লেখ্য, আওয়ামি লিগ সরকারের আমলে ২০২৩ সালের ২৪ এপ্রিল বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে পাঁচ বছরের জন্য দায়িত্ব গ্রহণ করেছিলেন মহম্মদ সাহাবুদ্দিন। সেই হিসেবে তাঁর মেয়াদ শেষ হওয়ার কথা ছিল ২০২৮ সালের এপ্রিল মাসে। কিন্তু নির্ধারিত সময়ের প্রায় দুই বছর আগেই তিনি পদত্যাগ করলেন। ২০২৪ সালের জুলাই মাসে গণ-অভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই তাঁর রাষ্ট্রপতি পদে থাকা নিয়ে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছিল। রাজনৈতিক মহলের একাংশের মতে, এতদিন সেনাবাহিনীর সমর্থন থাকায় তিনি পদে বহাল ছিলেন। সেই সমর্থন সরে যাওয়ার পরই শেষ পর্যন্ত তাঁকে পদত্যাগ করতে হয়েছে বলে মনে করা হচ্ছে।







