টানা কয়েকদিনের ভারী বর্ষণের পর অবশেষে কিছুটা স্বস্তির খবর দিল আলিপুর আবহাওয়া দপ্তর। শনিবার থেকে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির দাপট অনেকটাই কমবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। কলকাতা-সহ অধিকাংশ জেলায় আকাশ পুরোপুরি পরিষ্কার না হলেও মেঘ-রোদের লুকোচুরি চলবে। কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
শনিবার সকালে কলকাতার আকাশে রোদ ও মেঘের পালাবদল দেখা যায়। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, শহরে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। তবে দু’-একটি এলাকায় স্বল্প সময়ের জন্য হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ২৯.৯ ডিগ্রি সেলসিয়াস। বৃষ্টি কমলেও বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় ভ্যাপসা গরম ও অস্বস্তি বজায় থাকবে।
দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই আপাতত ভারী বর্ষণের পূর্বাভাস নেই। তবে হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ার কিছু এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। বিশেষ করে উপকূলবর্তী এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া দপ্তর।
অন্যদিকে, শনিবার উত্তরবঙ্গেও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। পাহাড় ও সমতলের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে আগামী সপ্তাহের শুরু থেকেই ফের আবহাওয়ার পরিবর্তনের ইঙ্গিত মিলেছে। দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে বৃষ্টির তীব্রতা বাড়তে পারে। কয়েকটি এলাকায় ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। ফলে উত্তরবঙ্গের বাসিন্দাদের আগামী সপ্তাহে ফের বৃষ্টির জন্য প্রস্তুত থাকার পরামর্শ দেওয়া হয়েছে।






