স্বাস্থ্য

ডেঙ্গি প্রতিরোধে বড় সাফল্য, ভারতে অনুমোদন পেল প্রথম ডেঙ্গি ভ্যাকসিন ‘কিউডেঙ্গা’

ভারতে ডেঙ্গি মোকাবিলায় বড় পদক্ষেপ নেওয়া হল। জাপানের ওষুধ প্রস্তুতকারী সংস্থা টাকেডা বায়োফার্মাসিউটিক্যালস ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডের তৈরি ডেঙ্গি ভ্যাকসিন কিউডেঙ্গা (Qdenga) ব্যবহারের অনুমোদন দিয়েছে ড্রাগ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া (DCGI)। ৪ থেকে ৬০ বছর বয়সীদের জন্য এই ভ্যাকসিন বাজারজাত করার ছাড়পত্র মিলেছে।

সংস্থার দাবি, এটি ভারতের প্রথম অনুমোদিত ডেঙ্গি ভ্যাকসিন। টিকা নেওয়ার আগে ডেঙ্গি হয়েছিল কি না, তা জানার প্রয়োজন নেই। এমনকি কোনও রক্ত পরীক্ষাও লাগবে না। বিশেষজ্ঞদের মতে, ভারতে ডেঙ্গির ক্রমবর্ধমান প্রকোপের মধ্যে এই অনুমোদন জনস্বাস্থ্যের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অগ্রগতি।

টাকেডার দেওয়া তথ্য অনুযায়ী, কিউডেঙ্গা ডেঙ্গি ভাইরাসের চারটি সেরোটাইপের বিরুদ্ধেই সুরক্ষা দিতে সক্ষম। বিশ্বব্যাপী হওয়া ক্লিনিক্যাল ট্রায়ালে ২৮ হাজারের বেশি মানুষের উপর এই ভ্যাকসিনের কার্যকারিতা পরীক্ষা করা হয়েছে। দ্বিতীয় ডোজের ১২ মাস পর ডেঙ্গি সংক্রমণ রোধে এর কার্যকারিতা ৮০.২ শতাংশ এবং হাসপাতালে ভর্তি হওয়া প্রতিরোধে ১৮ মাস পর কার্যকারিতা ৯০.৪ শতাংশ বলে দাবি করা হয়েছে।

এই ভ্যাকসিন দুটি ডোজে দেওয়া হয়, যার মধ্যে দ্বিতীয় ডোজ প্রথমটির তিন মাস পরে নিতে হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থাও (WHO) ডেঙ্গি-প্রবণ এলাকায় কিউডেঙ্গা ব্যবহারের সুপারিশ করেছে। বর্তমানে ভারত-সহ বিশ্বের ৪৩টি দেশে এই ভ্যাকসিন অনুমোদিত এবং ইতিমধ্যেই ৩ কোটি ২০ লক্ষের বেশি ডোজ বিতরণ করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.