একই পদে দীর্ঘদিন দায়িত্বে থাকা আধিকারিকদের বদলি বাধ্যতামূলক করার পাশাপাশি নিজ জেলার মধ্যে পোস্টিংয়ের ক্ষেত্রেও নতুন কড়া নীতি চালু করল রাজ্য সরকার। প্রশাসনিক সংস্কার দপ্তরের নির্দেশিকা অনুসরণ করে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ দপ্তর এই সংক্রান্ত একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
স্বাস্থ্য দপ্তরের নির্দেশিকায় স্পষ্ট জানানো হয়েছে, সাধারণ পরিস্থিতিতে কোনও আধিকারিক বা কর্মীকে তাঁর নিজ জেলায় নিয়োগ দেওয়া হবে না। তবে অবসরের আগে শেষ দু’বছরের ক্ষেত্রে প্রশাসনিক প্রয়োজন বিবেচনা করে এই নিয়মে কিছুটা শিথিলতা দেওয়া যেতে পারে। একই সঙ্গে দীর্ঘদিন একই পদে থাকার প্রবণতা রোধে নতুন বদলি নীতি কার্যকর করা হয়েছে। সেই অনুযায়ী, কোনও কর্মী বা আধিকারিক টানা তিন বছর একটি পদে দায়িত্ব পালন করলে তাঁর বদলির বিষয়টি বিবেচনায় আনতে হবে। কোনও অবস্থাতেই একই পদে চার বছরের বেশি রাখা যাবে না।
নতুন নির্দেশে আরও বলা হয়েছে, রাজস্ব আদায়, কর সংগ্রহ এবং অন্যান্য সংবেদনশীল দায়িত্বে কর্মরতদের ক্ষেত্রে বদলির নিয়ম আরও কঠোর হবে। এই ধরনের পদে দু’বছর পূর্ণ হওয়ার পর থেকেই বদলির প্রক্রিয়া শুরু করার পরামর্শ দেওয়া হয়েছে এবং তিন বছরের বেশি একই দায়িত্বে রাখা যাবে না। স্বাস্থ্য অধিকর্তা, স্বাস্থ্য-শিক্ষা অধিকর্তা, আয়ুষ, হোমিওপ্যাথি, ড্রাগ কন্ট্রোল-সহ স্বাস্থ্য দপ্তরের অধীন সমস্ত শাখায় এই নীতি কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে। যদিও প্রশাসনিক প্রয়োজন বা বিশেষ পরিস্থিতিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজন মনে করলে নিয়মে ব্যতিক্রম করার সুযোগ থাকবে।
প্রশাসনিক মহলের একাংশের মতে, নির্দিষ্ট পদে দীর্ঘদিন কর্মরত আধিকারিকদের নিয়মিত রদবদল হলে প্রশাসনিক স্থবিরতা কাটবে, কর্মদক্ষতা বৃদ্ধি পাবে এবং স্বজনপোষণ বা অনিয়মের সম্ভাবনাও অনেকটাই কমবে। সেই কারণেই রাজ্য সরকারের এই নতুন বদলি নীতিকে প্রশাসনিক স্বচ্ছতা ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।







