জেলা

অবৈধ কয়লা বাণিজ্যে ইডির বড় অভিযান, ধানবাদের ২৫টি স্থানে একযোগে তল্লাশি

বেআইনি কয়লা পাচার এবং কালো টাকার লেনদেনের অভিযোগে ঝাড়খণ্ডের ধানবাদে ব্যাপক অভিযান চালাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার প্রায় ২৫টি দল একযোগে শহরের ২৫টি আলাদা জায়গায় তল্লাশি শুরু করে। অভিযানের মূল লক্ষ্য ছিল কয়লা ব্যবসার সঙ্গে যুক্ত একাধিক প্রভাবশালী ও বিতর্কিত ব্যবসায়ীর বাড়ি, অফিস এবং অন্যান্য সংশ্লিষ্ট ঠিকানা।

তদন্তকারী সংস্থার নজরে থাকা বেশ কয়েকজন প্রভাবশালী ব্যবসায়ীর বিরুদ্ধে তথ্যপ্রমাণ সংগ্রহের কাজ চলছে। গোয়েন্দা সূত্রের খবর, তল্লাশির সময় বিভিন্ন ডিজিটাল ডিভাইস, ব্যাঙ্কের নথি, পাসবুক, আর্থিক লেনদেনের হিসাবপত্র এবং কয়লা ব্যবসা সংক্রান্ত গুরুত্বপূর্ণ কাগজপত্র খুঁটিয়ে পরীক্ষা করা হচ্ছে।

প্রসঙ্গত, গত বছরের নভেম্বরেও একই কয়লা কেলেঙ্কারি মামলায় ইডি অভিযান চালিয়েছিল। সেই সময় প্রায় আড়াই কোটি টাকা নগদ এবং দেড়শোরও বেশি জমির দলিল বাজেয়াপ্ত করা হয়। তদন্তকারীদের প্রাথমিক ধারণা, এবারের অভিযানে আরও একাধিক বেনামি সম্পত্তির সন্ধান মিলতে পারে। পাশাপাশি, কালো টাকা লেনদেনের সঙ্গে জড়িত বিস্তৃত চক্র সম্পর্কেও গুরুত্বপূর্ণ তথ্য সামনে আসার সম্ভাবনা রয়েছে।

এদিকে, এই অবৈধ কয়লা ব্যবসার সঙ্গে স্থানীয় কয়েকজন প্রভাবশালী সরকারি আধিকারিকের প্রত্যক্ষ বা পরোক্ষ যোগাযোগ থাকতে পারে বলেও তদন্তকারীদের সন্দেহ। উদ্ধার হওয়া নথি ও তথ্য বিশ্লেষণ করে এই চক্রের সঙ্গে জড়িত অন্য ব্যক্তিদেরও চিহ্নিত করার কাজ জোরকদমে চালিয়ে যাচ্ছে ইডি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.