অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আমতলার কার্যালয় ভাঙাকে কেন্দ্র করে কলকাতা হাইকোর্টে গুরুত্বপূর্ণ দাবি করল রাজ্য সরকার। মঙ্গলবার শুনানিতে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল (এজি) সুরজিৎ মিত্র আদালতে জানান, যে পাঁচতলা ভবনের একটি অংশ ভাঙা হয়েছে, সেটি মামলাকারীর মালিকানাধীন অংশ নয়। তাঁর বক্তব্য, মামলাকারীর অংশে কোনও ভাঙচুরই করা হয়নি। তবে সব পক্ষের বক্তব্য শোনার পর আদালত আগামী ৬ অগস্ট পর্যন্ত ওই ভবন সংক্রান্ত স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দিয়েছে।
অবৈধ নির্মাণের অভিযোগে গত ১৮ জুলাই প্রশাসন ভবনটির একটি অংশ ভাঙার কাজ শুরু করে। এর বিরুদ্ধেই আদালতের দ্বারস্থ হন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন আদালতে এজি জানান, মামলাকারীর দাবি অনুযায়ী তিনি ৫০৯ ও ৫১২ দাগ নম্বরের জমির মালিক। কিন্তু প্রশাসন যে অংশে অভিযান চালিয়েছে, সেটি ৫০৭ দাগ নম্বরের জমিতে অবস্থিত। ফলে মামলাকারীর সম্পত্তিতে কোনও হস্তক্ষেপ হয়নি বলে দাবি করেন তিনি। সেই কারণেই স্থিতাবস্থার নির্দেশ প্রত্যাহারের আবেদনও জানানো হয়।
অন্যদিকে, অভিষেকের পক্ষে আইনজীবী কিশোর দত্ত আদালতে বলেন, ভবন ভাঙার আগে পঞ্চায়েত আইনের বিধি অনুসরণ করা হয়নি। তাঁর অভিযোগ, লিপস অ্যান্ড বাউন্ডস সংস্থাকে প্রয়োজনীয় নোটিস না দিয়েই প্রশাসন ভাঙার কাজ শুরু করে। উভয় পক্ষের বক্তব্য শোনার পর বিচারপতি শুভ্রা ঘোষ আগামী ৬ অগস্ট পর্যন্ত স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দেন। ওই দিন দুপুর ২টায় মামলার পরবর্তী শুনানি হবে।
কেন ভাঙা শুরু হয়েছিল এই কার্যালয়?
সুশান্ত মণ্ডল নামে এক ব্যক্তি অভিযোগ করেন, প্রয়োজনীয় নির্মাণ নকশার অনুমোদন ছাড়াই পাঁচতলা ভবনটি তৈরি হয়েছে। পাশাপাশি স্থানীয় কয়েকজন বাসিন্দার অভিযোগ, একটি বেকারির জমি দখল করে আমতলায় এই কার্যালয় নির্মাণ করা হয়েছে।
রাজ্যে সরকার পরিবর্তনের পর জেলা পরিষদ ফের অভিযোগগুলির তদন্ত শুরু করে এবং সংশ্লিষ্টদের নোটিস পাঠায়। গত ৩০ জুন দক্ষিণ ২৪ পরগনা প্রশাসনের পক্ষ থেকে লিপস অ্যান্ড বাউন্ডসের ডিরেক্টর হিসেবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাবা অমিত বন্দ্যোপাধ্যায়কে নোটিস দেওয়া হয়, কারণ ওই সম্পত্তির সঙ্গে সংস্থার নাম যুক্ত রয়েছে।
নোটিসে জানানো হয়েছিল, ১৫ জুলাই দুপুর ২টায় অভিযোগকারী ও অভিযুক্ত সব পক্ষকে প্রয়োজনীয় নথিপত্রসহ উপস্থিত থাকতে হবে। কিন্তু নির্ধারিত দিনে অমিত বন্দ্যোপাধ্যায় হাজির হননি বলে প্রশাসনের দাবি। এরপর জেলা পরিষদ দ্বিতীয় নোটিস জারি করে জানায় যে, আমতলার ওই ভবনের অবৈধ অংশ ভেঙে ফেলা হবে। সেই সিদ্ধান্ত অনুযায়ী ১৮ জুলাই ভাঙার কাজ শুরু হয়। এর বিরুদ্ধেই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন অভিষেক বন্দ্যোপাধ্যায়।







