নিজস্ব সংবাদদাতা : বুধবার পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি ও সহ সভাপতি নির্বাচন হয়। সেই নির্বাচনের আগে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, গত ১০ বছর পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ তৃণমূলের দূর্নীতির আখড়া তৈরি হয়েছে। এবার আমরা সেই আখড়া ভাঙবো। ১৪ জন সদস্য,সাংসদ বিধায়ক মিলে মোট ২৮ জন রয়েছি আমরা। এবার দূর্নীতির প্রতিবাদ হবে। জেলাপরিষদ দূর্নীতির আখড়ায় পরিনত হওয়া শুভেন্দু অধিকারীর মন্তব্যের পালটা জবাব দেন তমলুক সাংগঠনিক জেলার তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা তমলুকের বিধায়ক সৌমেনকুমার মহাপাত্র।
তিনি বলেন,শুভেন্দুবাবুকে সম্মান দিয়ে বলি,গত দু বছর বা তার একটু বেশি সময় বিজেপিতে গিয়েছেন। তার আগে জেলাপরিষদ সামলাতেন উনি। তাহলে উনি দূর্নীতি কিভাবে করতে হয় দেখিয়ে গেছেন। উনার এই ধরনের কথার কোনো যুক্তি নেই। তাই যত কম বলবেন ততই উনার ভালো।৭০ আসন বিশিষ্ট পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের তৃণমূল কংগ্রেসের আসন সংখ্যা ৫৬ এবং বিজেপি পেয়েছে ১৪ টি আসন।
তৃণমূল কংগ্রেসের জেলা পরিষদের জয়ী প্রার্থীরা এদিন একে একে জেলা পরিষদ অফিসে প্রবেশ করেন। অন্যদিকে এদিন সকাল দশটায় রাজ্যের বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী তমলুকের কার্যালয়ে জেলা পরিষদের ১৪ জন বিজেপির জয়ী প্রার্থীদের সম্মান এবং পরামর্শ দেন। তারপরে বিজেপির ১৪ জন জয়ী প্রার্থীরা পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ সভাগৃহে প্রবেশ করেন। বিজেপির প্রার্থীরা যখন সভায় প্রবেশ করেন সেই সময় গেটের সামনে দাঁড়িয়ে থাকা তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা জয় বাংলা স্লোগান দিতে থাকে।
দলীয়ভাবে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সভাধিপতি হিসাবে উত্তম বারিকের নাম উঠে আসে। সহ-সভাপতি হিসেবে নাম উঠে আসে সুহাসিনী করের। দুজনেই এদিন শপথ গ্রহন করে।







