মাওবাদী দমনে ফের বড় সাফল্য পেল নিরাপত্তা বাহিনী। দীর্ঘদিন ধরে পলাতক থাকা সিপিআই (মাওবাদী)-র পলিটব্যুরোর একমাত্র জীবিত সদস্য মিসির বেসরাকে মঙ্গলবার ঝাড়খণ্ড থেকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর মাথার ওপর ঘোষণা করা ছিল ১ কোটি টাকার পুরস্কার। অভিযানে তাঁর সঙ্গে আরও দুই মাওবাদী কমান্ডারকেও আটক করেছে পুলিশ।
পুলিশ সূত্রের খবর, প্রায় দুই দশক ধরে কেন্দ্রীয় বাহিনী ও পুলিশের নজর এড়িয়ে আত্মগোপনে ছিল মিসির। সম্প্রতি গোয়েন্দাদের কাছে খবর আসে, পারশনাথ পাহাড় সংলগ্ন জঙ্গলে কয়েকজন সহযোগীকে নিয়ে লুকিয়ে রয়েছে সে। সেই তথ্যের ভিত্তিতে সিআরপিএফ, গিরিডি এবং ধানবাদ পুলিশের যৌথ বাহিনী এলাকায় তল্লাশি অভিযান চালায়। মঙ্গলবার রাত প্রায় ৯টা নাগাদ ধানবাদ-গিরিডি সীমান্তের জঙ্গলে পালানোর চেষ্টা করার সময় তাকে পাকড়াও করা হয়।
তদন্তকারীদের দাবি, এর আগেও ২০০৭ সালে ঝাড়খণ্ডে একবার গ্রেপ্তার হয়েছিল মিসির বেসরা। পরে ২০০৯ সালে বিহারের লখিসরাই জেলা আদালতে একটি মামলার শুনানিতে হাজির করাতে নিয়ে যাওয়া হলে আদালত চত্বরে মাওবাদীরা হামলা চালায়। সেই হামলার সুযোগে পুলিশি হেফাজত থেকে তাকে ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় জঙ্গিরা।
ঝাড়খণ্ড পুলিশের তথ্য অনুযায়ী, গিরিডি জেলার হালরাডিহি গ্রামের বাসিন্দা মিসির বেসরা বর্তমানে মাওবাদী সংগঠনের পলিটব্যুরোর একমাত্র জীবিত সদস্য। সংগঠনের অন্যান্য শীর্ষ নেতারা ইতিমধ্যেই গ্রেপ্তার হয়েছেন অথবা নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত হয়েছেন। ৬৬ বছর বয়সী মিসির বেসরা সংগঠনের মধ্যে ‘ভাস্কর’ ও ‘সাগর’ নামেও পরিচিত। নিরাপত্তা বিশেষজ্ঞদের একাংশের মতে, তাঁর গ্রেপ্তার দেশের মাওবাদী সংগঠনের জন্য বড় ধাক্কা এবং সংগঠনের ভবিষ্যতের উপর এর উল্লেখযোগ্য প্রভাব পড়তে পারে।







