ভারত ও পাকিস্তানের মধ্যে সামরিক উত্তেজনার পারদ যখন তুঙ্গে, ঠিক তখনই এল এক চাঞ্চল্যকর খবর। বালুচিস্তানের প্রভাবশালী নেতা মীর ইয়ার বালোচ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম X-এ বালুচিস্তানের স্বাধীনতা ঘোষণা করেছেন। শুধু তাই নয়, তিনি ভারত সরকারের কাছে দিল্লিতে বালুচিস্তানের দূতাবাস খোলার অনুমতি চেয়েছেন এবং রাষ্ট্রসংঘের কাছে শান্তিরক্ষী বাহিনী পাঠানোর আবেদন জানিয়েছেন। একইসঙ্গে পাকিস্তানি সেনাবাহিনীকে বালুচিস্তান ছাড়ার নির্দেশও দিয়েছেন মীর ইয়ার বালোচ।
এই ঘোষণার আগে মীর ইয়ার বালোচ দাবি করেন, বালুচ মুক্তি যোদ্ধারা ডেরা বুগতির গ্যাসক্ষেত্রগুলিতে হামলা চালিয়েছে। পোস্টে তিনি লেখেন, “সন্ত্রাসবাদী পাকিস্তানের পতন নিকটে। আমরা আমাদের স্বাধীনতা ঘোষণা করলাম এবং ভারতের কাছে অনুরোধ জানাচ্ছি দিল্লিতে বালুচিস্তানের সরকারি দপ্তর ও দূতাবাস খোলার অনুমতি দেওয়ার জন্য।” আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছেও তিনি বালুচিস্তানের স্বাধীনতাকে স্বীকৃতি দেওয়ার এবং রাষ্ট্রসংঘের সদস্য দেশগুলির সমর্থন চেয়েছেন।
পাশাপাশি, বালুচ নেতা রাষ্ট্রসংঘের কাছে অবিলম্বে বালুচিস্তানে শান্তিরক্ষী বাহিনী পাঠানোর এবং পাকিস্তানি দখলদার সেনাবাহিনীকে অঞ্চল, আকাশসীমা ও জলসীমা ত্যাগ করার আহ্বান জানিয়েছেন। তিনি আরও জানান, খুব শীঘ্রই একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হবে, যেখানে বালুচিস্তানের নারীদেরও প্রতিনিধিত্ব থাকবে। স্বাধীনতা সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে বন্ধু রাষ্ট্রগুলির প্রধানদের আমন্ত্রণ জানানোর কথাও উল্লেখ করেছেন তিনি।
উল্লেখ্য, এর আগে ফ্রি বালুচিস্তান মুভমেন্টের নেতা হায়রবিয়ার মারি মুম্বাইয়ের জিন্নাহ হাউস বালুচদের হাতে তুলে দেওয়ার এবং তার নাম ‘বালুচিস্তান হাউস’ করার অনুরোধ জানিয়েছিলেন।







