কলকাতা

Supreme Court of India নির্দেশের পর নজিরবিহীন কড়াকড়ি, সব বিচারকের ছুটি বাতিল করল Calcutta High Court

কলকাতা: শীর্ষ আদালতের নির্দেশের পর নজিরবিহীন প্রশাসনিক সিদ্ধান্ত নিল কলকাতা হাইকোর্ট। সিভিল জজ (সিনিয়র ডিভিশন), চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, অ্যাডিশনাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, সিভিল জজ (জুনিয়র ডিভিশন) এবং জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট—এই সমস্ত পদে কর্মরত বিচারকদের সব ধরনের ছুটি অনির্দিষ্টকালের জন্য বাতিল করা হয়েছে। মঙ্গলবার হাইকোর্টের রেজিস্টারের জারি করা নির্দেশিকায় এই সিদ্ধান্তের কথা জানানো হয়।

SIR মামলার শুনানি ঘিরেই তৎপরতা
গত শুক্রবার রাজ্যের SIR মামলার শুনানিতে ‘লজিক্যাল ডিসক্রিপেন্সি’ খতিয়ে দেখতে এক জন জুডিশিয়াল অফিসার নিয়োগের নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। সেই নিয়োগের দায়িত্ব দেওয়া হয় কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকে।

এরপর গত শনিবার প্রধান বিচারপতির সঙ্গে বৈঠকে বসেন নির্বাচন কমিশনের প্রতিনিধি, রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক, মুখ্যসচিব এবং অতিরিক্ত সলিসিটর জেনারেল। প্রশাসনিক সূত্রের খবর, সেই বৈঠকের পরই বিচার বিভাগে পূর্ণ উপস্থিতি নিশ্চিত করতে এই কড়া সিদ্ধান্ত কার্যকর করা হয়।

কী বলা হয়েছে নির্দেশিকায়?
মঙ্গলবার থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কোনও বিচারক ছুটি নিতে পারবেন না।

ডেপুটেশনে থাকা বিচারকরাও এই নির্দেশের আওতায়।

স্টেশন লিভ নেওয়ার ক্ষেত্রেও নিষেধাজ্ঞা জারি।

শুধুমাত্র জরুরি চিকিৎসাজনিত কারণে বিশেষ অনুমতি সাপেক্ষে ছুটি মঞ্জুর হতে পারে।

এছাড়া বর্তমানে যাঁরা ছুটিতে রয়েছেন, তাঁদের বুধবার দুপুরের মধ্যে নিজ নিজ আদালত ও দপ্তরে যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। চিকিৎসাজনিত কারণ ছাড়া অন্য সব ধরনের ছুটি—এমনকি পূর্ব অনুমোদিত ছুটিও—বাতিল বলে গণ্য হবে।

প্রশিক্ষণেও কড়া ব্রেক
শুধু ছুটি নয়, প্রশিক্ষণ কর্মসূচিতেও কড়াকড়ি আরোপ করা হয়েছে। প্রবেশনারি অফিসারদের প্রশিক্ষণ ছাড়া বাকি সব প্রশিক্ষণ আপাতত স্থগিত। আগামী ১৫ দিনের মধ্যে West Bengal Judicial Academy-তে নির্ধারিত কর্মসূচিও পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে।

পাশাপাশি, রাজ্যের বাইরে কোনও প্রশিক্ষণ বা সেমিনারে অংশগ্রহণের জন্য আগে দেওয়া অনুমতিও বাতিল করা হয়েছে।

নজিরবিহীন পদক্ষেপ
আইন মহলের একাংশের মতে, বিচার বিভাগে একযোগে এভাবে সব ধরনের ছুটি বাতিলের সিদ্ধান্ত বিরল। প্রশাসনিক মহলের ব্যাখ্যা, শীর্ষ আদালতের নির্দেশ দ্রুত কার্যকর এবং নিরপেক্ষ প্রক্রিয়া নিশ্চিত করতেই এই পদক্ষেপ।

পরিস্থিতির দিকে নজর রাখছে গোটা রাজ্য। এখন দেখার, এই কড়াকড়ির ফলে SIR মামলার প্রক্রিয়ায় কী গতি আসে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.