১৮৫৮ সালে প্রকাশিত একটি বই, আর সেটি ফেরত এল প্রায় ১৫০ বছর পর! অবিশ্বাস্য হলেও এমনই ঘটনা ঘটেছে অস্ট্রেলিয়ার উপকূলীয় শহর কিয়ামার একটি ঐতিহাসিক পাবলিক লাইব্রেরিতে। বইটি ফিরে আসতেই আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে গ্রন্থাগারটি, আর চমকে দিয়েছে বই ফেরতের সম্ভাব্য জরিমানার অঙ্ক।
স্থানীয় বাসিন্দা রস সিমন্স সম্প্রতি নিজের পুরোনো বাড়ি সংস্কারের সময় একটি চায়ের বাক্সের মধ্যে বইটি খুঁজে পান। বাক্সটি লুকিয়ে ছিল বাড়ির পুরোনো ফায়ারপ্লেসের ইটের গাঁথুনির ভেতরে। বইটি হাতে পাওয়ার পর তিনি সেটি কিয়ামা লাইব্রেরিতে জমা দেন।
লাইব্রেরির পরিচালক মিশেল হাডসনের কথায়, তাঁদের ইতিহাসে এত পুরোনো ধার নেওয়া বই এই প্রথম ফিরে এল। লাইব্রেরির পুরোনো নিয়ম অনুযায়ী বিলম্বের হিসাব কষে দেখা যায়, বইটি সময়মতো ফেরত না দেওয়ায় জরিমানার পরিমাণ দাঁড়ায় প্রায় ১৯ লক্ষ টাকা। তবে এটি মূলত ঐতিহাসিক নিয়মের ভিত্তিতে করা একটি প্রতীকী হিসাব, বাস্তবে সেই অর্থ আদায় করা হচ্ছে না।
‘অ্যান্টিকুইটিজ অব এথেন্স’ নামের বইটি ১৮৫৮ সালে প্রকাশিত হয়েছিল। কিয়ামা লাইব্রেরি প্রতিষ্ঠিত হয় ১৮৭২ সালে, আর সেই সময়ের প্রায় এক হাজার বইয়ের সংগ্রহের মধ্যেই ছিল এই বইটি। সংগ্রহে এর নম্বর ছিল ৫০৬। ধারণা করা হচ্ছে, লাইব্রেরি চালুর কয়েক বছরের মধ্যেই বইটি হারিয়ে যায়।
আরও একটি রহস্য থেকে গেছে—বইটি প্রথম কে ধার নিয়েছিলেন, তা আর জানা সম্ভব নয়। কারণ ১৮৭০-এর দশকের ধার নেওয়ার রেজিস্টার বহু আগেই হারিয়ে গেছে। বইটির ভেতরেও এমন কোনো তথ্য নেই, যা থেকে শেষ পাঠকের পরিচয় শনাক্ত করা যায়।
লাইব্রেরি কর্তৃপক্ষের মতে, এই বই এখন আর শুধু একটি বই নয়, বরং তাদের দীর্ঘ ইতিহাসের এক বিরল সাক্ষী। দেড় শতাব্দী পর বইটির প্রত্যাবর্তন তাই গ্রন্থাগারের জন্য এক স্মরণীয় অধ্যায় হয়ে থাকল।







