বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে দু’টি মামলা থেকে সরিয়ে দেওয়া প্রসঙ্গে এবার সরব হলেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ। দিলীপের উবাচ, ‘এটা বিচার বিভাগের ব্যাপার। প্রাক্তন বিচারপতি অশোক গঙ্গোপাধ্যায় বলেছেন যে সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করতে পারে না। ব্যাপারটা ক্রিটিকাল। মাসখানেক ধরে বাজারে রিউমার চলছিল, অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের হাত থেকে মামলা কেড়ে নেওয়া হবে। শেষ পর্যন্ত যেটা নিয়ে টেনশন ছিল, সেটাই হল। মানুষ যার উপর ভরসা রেখেছিল, বাংলার মানুষ যাকে কেন্দ্র করে দুর্নীতির বিরুদ্ধে একজোট হতে শুরু করেছিল, তাদের মনোবল কমে যাবে। অন্যায়ের সাজা আজ না হোক কাল হবে। বিচারপতি গঙ্গোপাধ্যায় যাবেন, অন্য কেউ আসবেন। কিন্তু এই ঘটনায় একটা চক্রান্তের গন্ধ সবাই পাচ্ছেন।’
উল্লেখ্য, মামলা সরানোর পাশাপাশি বিচারপতির দেওয়া দু’টি নির্দেশেও স্থগিতাদেশ জারি করা হয়। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মনে হয়, ধীরে ধীরে সব মামলাই তাঁর দখল থেকে সরিয়ে নেওয়া হবে। শুক্রবার রাতে সুপ্রিম কোর্টের শেষ আদেশ শোনার পর আদালত ছেড়ে বেড়নোর সময় বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন, ‘সুপ্রিম কোর্টের নির্দেশ আমার কাছে স্পষ্ট নয়। পড়ে দেখব। আমার ধারণা, এরপর আমার এজলাস থেকে সব মামলাই সরিয়ে নেওয়া হবে।’
শুক্রবার রাতে হাইকোর্ট থেকে বাড়ি ফেরার আগে অভিজিৎ গঙ্গোপাধ্যায় সাংবাদিকদের মুখোমুখি দাঁড়িয়ে বলেন, ‘আজ আমার মৃত্যুদিন।’ এর প্রেক্ষিতে দিলীপের মন্তব্য, ‘এই কথার মধ্যে কিছুটা ইমোশন আছে। বিকাশবাবু বলেছেন, যে বিষয়ে উনি মামলা শুনেছেন, সেই বিষয়ে কিছু বলেননি। উনি প্রেসে যেটা বলতে চেয়েছেন, সেটা ঠিক কী? মানুষ তার পাশে দাঁড়াতে প্রস্তুত।’







