আবারও একবার মোদী-শাহকে চ্যালেঞ্জ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। এদিন জনসংযোগ যাত্রায় ময়নাগুড়ির সভা থেকে সরাসরি চ্যালেঞ্জ দিলেন প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে। অভিষেকের উবাচ, ‘আমি চ্যালেঞ্জ করে বলছি। বিজেপি যে বলছে আলাদা রাজ্য গড়ব, নরেন্দ্র মোদী, অমিত শাহ, জে পি নাড্ডা, এই তিন জনকে এই মঞ্চ থেকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে যাচ্ছি।’
এর আগেও সরব হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সরব হয়েছেন মানুষের স্বার্থে টাকার হিসেব মেটাতে। তাঁর মতে, ‘আমি বারবার বলছি একশো দিনের কাজের টাকা গরিব মানুষের অধিকার। তাঁরা কাজ করে টাকা চাইছে। এটা তাঁদের প্রাপ্য। সেখানে টাকা আটকে রাখা হচ্ছে। প্রয়োজনে আমাকে সকাল থেকে রাত পর্যন্ত গালিগালাজ করুন, কিন্তু মানুষের টাকা ছেড়ে দিন। আপনাদেরও বুঝতে হবে, ২০১৯ সালের নির্বাচনে আলিপুরদুয়ারে আমরা লোকসভায় হেরেছি। লোকসভায় যাঁকে জিতিয়েছিলেন, তাঁর টিকি খুঁজে পাননি। পরবর্তীকালে বিধানসভা নির্বাচনে আলিপুরদুয়ারের মানুষ ৫টি বিধানসভা আসনেই বিজেপিকে জিতিয়েছে। আপনারা হয়তো ভেবেছিলেন, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি মিলে আলাদা রাজ্য গড়বে বিজেপি এবং আপনারা অধিকার পাবেন।’
সর্বভারতীয় সাধারণ সম্পাদকের সংযোজন, ‘উত্তরবঙ্গের যেকোনও জায়গায় দাঁড়িয়ে মিটিং করে বলতে পারেন। আমরা উত্তরবঙ্গকে আলাদা ভাগ করে আলাদা রাজ্য গড়ব আমি কথা দিয়ে যাচ্ছি উত্তরবঙ্গের মানুষের কাছে কোনওদিন মুখ দেখাব না। ৯ বছর ধরে ক্ষমতায়। একটা মিটিং করেনি, দেখাতে পারলে রাজনীতির আঙিনা ছেড়ে দেব। যাত্রা বন্ধ করে দেব। যদি কোনও বিজেপি নেতা দেখাতে পারে।’







