দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী থানা এলাকায় ফের প্রকাশ্যে এল সিভিক ভলান্টিয়ারের কুকীর্তি। বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় এক তরুণীর উপর ধারালো দা নিয়ে প্রাণঘাতী হামলার অভিযোগ উঠেছে স্থানীয় সিভিক ভলান্টিয়ার বিশ্বজিৎ খাঁ-র বিরুদ্ধে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, পেশায় বাসন্তী থানার সিভিক ভলান্টিয়ার বিশ্বজিৎ খাঁ দীর্ঘদিন ধরে সুস্মিতা মন্ডল নামে এক তরুণীর সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করছিলেন। সম্প্রতি তিনি সুস্মিতাকে বিয়ের প্রস্তাব দেন। কিন্তু তরুণী রাজি না হওয়ায় শুক্রবার সকালেই ক্ষিপ্ত হয়ে ওঠেন বিশ্বজিৎ। অভিযোগ, তিনি ধারালো দা দিয়ে সুস্মিতার হাত ও ঘাড়ে একাধিক কোপ মারেন। গুরুতর জখম অবস্থায় স্থানীয়রা তাঁকে উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে মৃত্যুর সঙ্গে লড়াই করছেন নির্যাতিতা।
হামলার পর নিজেকেও রেহাই দেননি অভিযুক্ত। জানা গিয়েছে, ব্যর্থ প্রেমে ক্ষুব্ধ হয়ে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন বিশ্বজিৎ। তিনিও আশঙ্কাজনক অবস্থায় একই হাসপাতালে চিকিৎসাধীন।
ঘটনাকে কেন্দ্র করে বাসন্তীর আমঝাড়া মোড় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয়দের দাবি, বহুদিন ধরেই সুস্মিতাকে বিরক্ত করছিলেন বিশ্বজিৎ। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে বাসন্তী থানার পুলিশ এবং ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে হামলার অস্ত্র।
উল্লেখযোগ্য, এটি প্রথমবার নয় যে সিভিক ভলান্টিয়ারদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠল। কিছুদিন আগেই হাওড়ায় চিপস চুরির অপবাদে এক কিশোরকে প্রকাশ্যে অপমান করার অভিযোগ ওঠে এক সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে, যা শেষ পর্যন্ত ওই কিশোরের আত্মহত্যায় পরিণত হয়। এছাড়া আরজি কর মেডিকেল কলেজ-কাণ্ডেও কাঠগড়ায় দাঁড়াতে হয়েছে সিভিক ভলান্টিয়ারকে। সমালোচকদের অভিযোগ, একের পর এক অভিযোগ উঠলেও পুলিশি ব্যবস্থা নিতেই উদাসীন প্রশাসন।







