রাজ্য

অন্নপূর্ণা প্রকল্পের টাকা মিলবে ১৫ আগস্টের পর, ভুয়ো তথ্য দিলে মিলবে না সুবিধা

পূর্ব ঘোষণা অনুযায়ী চলতি আগস্ট মাসের অন্নপূর্ণা প্রকল্পের ৩ হাজার টাকার আর্থিক সহায়তা যোগ্য উপভোক্তাদের এই মাসের মধ্যেই দেওয়া হবে। অর্থ সেপ্টেম্বর পর্যন্ত পিছোবে না বলে জানিয়েছে রাজ্য সরকার। তবে অনলাইনে জমা পড়া বহু আবেদনে অসঙ্গতি ধরা পড়ায় বিডিও স্তরে বিস্তারিত যাচাই ও সমীক্ষার কাজ শুরু হয়েছে। সেই কারণেই উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা পাঠানোর সম্ভাব্য সময়ও জানিয়ে দেওয়া হয়েছে।

সরকারি সূত্রে জানা গিয়েছে, ১৫ আগস্টের পর থেকেই ধাপে ধাপে যোগ্য উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে। কিন্তু যাঁরা আবেদনপত্রে ভুল বা ভুয়ো তথ্য দিয়েছেন, কিংবা প্রকল্পের যোগ্য নন, তাঁদের কোনওভাবেই এই আর্থিক সহায়তা দেওয়া হবে না। বুধবার মার্চেন্টস চেম্বার অফ কমার্স এবং এমসিসিআই লেডিস ফোরামের এক অনুষ্ঠানে এই বিষয়ে স্পষ্ট বার্তা দেন নারী ও শিশুকল্যাণ মন্ত্রী মালতী রাভা রায়। তিনি বলেন, যাঁদের পরিবারের আর্থিক অবস্থা স্বচ্ছল, যেমন উচ্চমাধ্যমিক শিক্ষকের পরিবার বা আয়করদাতা পরিবারের সদস্যরা, তাঁদের এই প্রকল্পের আওতায় আনা উচিত নয়। প্রকৃত প্রাপকেরাই যাতে সুবিধা পান, সেই বিষয়েও তিনি গুরুত্ব আরোপ করেন।

দপ্তর সূত্রে খবর, অনলাইনে আবেদন করার সময় অনেকেই ভুল বা বিভ্রান্তিকর তথ্য দিয়েছেন। আবার অনেক ক্ষেত্রে সাইবার ক্যাফের মাধ্যমে আবেদন করানোর সময় তথ্যগত ত্রুটি হয়েছে। পাশাপাশি কিছু আবেদনকারীর ব্যাঙ্ক অ্যাকাউন্ট সংক্রান্ত লিঙ্কিংয়েও সমস্যা ধরা পড়েছে। এই সমস্ত বিষয় খতিয়ে দেখতে এবং প্রকৃত উপভোক্তাদের চিহ্নিত করতে বিডিও অফিসগুলিকে বিস্তারিত সমীক্ষা ও তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.