দেশ

গান্ধী জয়ন্তীতে রাজঘাটে মোদি-রাহুল, বাপুর আদর্শ স্মরণে শ্রদ্ধার্ঘ্য

আজ, শুক্রবার মহাত্মা গান্ধীর ১৫৭তম জন্মবার্ষিকী। গান্ধী জয়ন্তী উপলক্ষে এদিন ভোরে দিল্লির রাজঘাটে গিয়ে জাতির জনকের সমাধিস্থলে শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রীর রাজঘাট সফরের ছবি ও ভিডিও ইতিমধ্যেই সমাজমাধ্যমে প্রকাশ্যে এসেছে। এক্স হ্যান্ডেলেও হিন্দি ও ইংরেজি—দুই ভাষায় মহাত্মা গান্ধীকে শ্রদ্ধা জানান তিনি। পাশাপাশি একটি ভিডিও-ও পোস্ট করেন প্রধানমন্ত্রী।

গান্ধী জয়ন্তীর সকালে রাজঘাটে গিয়ে শ্রদ্ধা জানান কংগ্রেস নেতা রাহুল গান্ধীও। পরে সোশাল মিডিয়া পোস্টে মহাত্মা গান্ধীর সত্য, মানবিকতা ও অহিংসার আদর্শের কথা স্মরণ করেন তিনি। একই দিনে সমাজমাধ্যমে বাপুকে শ্রদ্ধা জানান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও।

হিন্দিতে দেওয়া পোস্টে প্রধানমন্ত্রী লেখেন, বাপুর গোটা জীবন সত্য, অহিংসা, করুণা এবং সেবার আলোকবর্তিকা। তাঁর সেই আদর্শ প্রতিটি যুগে মানবতার পথকে আলোকিত করে চলেছে বলেও উল্লেখ করেন মোদি। পোস্টের শেষে শান্তির বার্তা বহনকারী একটি সংস্কৃত মন্ত্র উদ্ধৃত করেন তিনি। পাশাপাশি ইংরেজিতে দেওয়া এক সংক্ষিপ্ত বার্তায় প্রধানমন্ত্রী জানান, বাপুর চিরন্তন বার্তা আরও উন্নত সমাজ এবং ‘বিকশিত ভারত’-এর পথে দেশকে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দেয়।

মহাত্মা গান্ধীর জীবন ও কর্মকে কেন্দ্র করে তৈরি একটি ভিডিও-ও সমাজমাধ্যমে প্রকাশ করেন প্রধানমন্ত্রী। সেখানে তাঁর নেপথ্য কণ্ঠে শোনা যায়, গান্ধীর আদর্শ গোটা বিশ্বকে অনুপ্রাণিত করেছে। ক্ষমতার কেন্দ্র থেকে দূরে থেকেও কীভাবে তিনি কোটি কোটি মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন, সেই কথাও তুলে ধরেন মোদি।

ভিডিও বার্তায় ‘স্বদেশী’ নীতির উপরও জোর দেন প্রধানমন্ত্রী। মহাত্মা গান্ধী বরাবরই দেশবাসীকে স্বদেশী গ্রহণে উৎসাহিত করতেন এবং সেই ভাবনায় খাদি বিশেষ গুরুত্ব পেত বলে উল্লেখ করেন তিনি। গান্ধী জয়ন্তী উপলক্ষে প্রত্যেককে অন্তত একটি খাদি সামগ্রী কেনার আবেদন জানান মোদি এবং স্বদেশী পণ্যের প্রতি গর্ব প্রকাশের আহ্বান জানান।

অন্যদিকে, রাহুল গান্ধী তাঁর সোশাল মিডিয়া পোস্টে সত্য, অহিংসা ও নির্ভীকতাকে মহাত্মা গান্ধীর অন্যতম বড় উত্তরাধিকার হিসেবে উল্লেখ করেন। অন্যায়ের সামনে মাথা নত না করে সত্য ও অহিংসার পথে অবিচল থাকার শিক্ষাই বাপুর কাছ থেকে পাওয়া বলে জানান তিনি। গান্ধীজির জন্মবার্ষিকীতে জাতির জনকের প্রতি বিনম্র শ্রদ্ধাও নিবেদন করেন রাহুল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.