রাজ্য

পুজোর আগেই হাসপাতালে হানা দমকলের! আগুন নেভানোর ব্যবস্থা ঠিকঠাক তো? শুরু ফায়ার অডিট

পুজোর আগে শহরের অগ্নিনিরাপত্তা ব্যবস্থা নিয়ে আরও সতর্ক দমকল বিভাগ। গেস্ট হাউস, শপিং মল ও মার্কেটের পর এবার নজর বেসরকারি হাসপাতালগুলিতে। পুজোর মরশুমে বড় কোনও অগ্নিকাণ্ডের ঘটনা যাতে না ঘটে, তা নিশ্চিত করতে শহরের একাধিক হাসপাতালে শুরু হয়েছে ফায়ার অডিট।

শুক্রবার মিন্টো পার্কের একটি বেসরকারি হাসপাতালে পৌঁছন সাউথ ডিভিশনাল হেড কোয়ার্টারের দমকল আধিকারিকরা। স্টেশন অফিসার নিহার রঞ্জন রায় এবং ওসি হেড কোয়ার্টারের নেতৃত্বে হাসপাতালের অগ্নিনির্বাপণ ব্যবস্থা খুঁটিয়ে পরীক্ষা করা হয়।

বেসমেন্ট থেকে শুরু করে জরুরি ফায়ার এক্সিট, ফায়ার কন্ট্রোল প্যানেল, হাউস পাইপ, স্প্রিংকলার—একাধিক ব্যবস্থা সরেজমিনে খতিয়ে দেখেন আধিকারিকরা। এমনকি আগুন জ্বালিয়ে অগ্নিনির্বাপণ ব্যবস্থা ঠিকমতো কাজ করছে কি না, তারও পরীক্ষা করা হয়।

পরিদর্শন শেষে হাসপাতালের অগ্নিনিরাপত্তা ব্যবস্থায় সন্তোষ প্রকাশ করেন দমকল আধিকারিকরা। হাসপাতাল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, পুজোর সময় ২৪ ঘণ্টা জরুরি পরিষেবা সচল থাকবে। চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ছুটিও বাতিল করা হয়েছে বলে দাবি হাসপাতাল কর্তৃপক্ষের।

মিন্টো পার্কের পর শহরের আরও একটি বেসরকারি হাসপাতালেও অভিযান চালায় দমকল। সেখানেও ফায়ার অ্যালার্ম, হাউস পাইপ ও স্প্রিংকলার পরীক্ষা করা হয়। পরিদর্শনের পর হাসপাতাল কর্তৃপক্ষকে প্রয়োজনীয় কিছু পরামর্শ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন দমকলের আধিকারিকরা।

দমকলের বক্তব্য, অগ্নিনিরাপত্তা শুধু শপিং মল বা বহুতলের ক্ষেত্রেই নয়, হাসপাতালের ক্ষেত্রেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। অতীতে হাসপাতালের অগ্নিকাণ্ডের ভয়াবহ অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়েই পুজোর আগে এবার আগাম সতর্কতা বাড়ানো হচ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.