রাজ্য

মুম্বইয়ে প্রবল বৃষ্টিতে বহুতলের একাংশ ধস, মৃত্যু অন্তত ৬, আহত ১

লাগাতার ভারী বৃষ্টির জেরে ফের বিপর্যস্ত মহারাষ্ট্রের মুম্বই। রবিবার গভীর রাতে শহরের মানখুর্দ এলাকার জন্তানগরে একটি তিনতলা আবাসনের একাংশ আচমকাই ভেঙে পড়ে। ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে অন্তত ছয়জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে চারজন মহিলা রয়েছেন। এছাড়া অন্তত একজন আহত হয়েছেন বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে।

স্থানীয় সূত্রে খবর, দুর্ঘটনার সময় অধিকাংশ বাসিন্দাই বাড়ির ভিতরে রাতের খাবার খাচ্ছিলেন। হঠাৎ বিকট শব্দে ভবনের একাংশ ধসে পড়লে বহু মানুষ ধ্বংসস্তূপের নীচে আটকে পড়েন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকল, পুলিশ এবং জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (এনডিআরএফ)। দীর্ঘক্ষণ ধরে উদ্ধার অভিযান চালিয়ে একাধিক বাসিন্দাকে নিরাপদে বের করে আনা হয়। প্রাথমিকভাবে জানা গিয়েছে, ভবনের তিন থেকে চারটি ঘর সম্পূর্ণ ধসে পড়েছে।

ঠিক কী কারণে ভবনের একাংশ ভেঙে পড়ল, তা এখনও নিশ্চিতভাবে জানা যায়নি। তবে প্রাথমিক অনুমান, বহু পুরনো এই ভবনটি লাগাতার ভারী বৃষ্টির জেরে দুর্বল হয়ে পড়েছিল। প্রশাসনের পক্ষ থেকে আশপাশের অন্যান্য পুরনো ভবনের অবস্থাও খতিয়ে দেখা হচ্ছে, যাতে আরও কোনও দুর্ঘটনা এড়ানো যায়।

উল্লেখ্য, গত ২৪ ঘণ্টায় বৃহত্তর মুম্বই অঞ্চলে ১৫০ থেকে ১৭০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হয়েছে। ঘণ্টায় ৭২ থেকে ৭৫ কিলোমিটার বেগে দমকা হাওয়ায় শহরের বিভিন্ন প্রান্তে অন্তত ১৪২টি গাছ বা গাছের ডাল ভেঙে পড়েছে। এর আগে খোলা ম্যানহোলে পড়ে এবং গাছের ডাল ভেঙে পড়ার ঘটনায়ও দুইজনের মৃত্যু হয়েছে। টানা বর্ষণে কার্যত বিপর্যস্ত মুম্বইয়ে প্রশাসনকে উচ্চ সতর্কতায় রাখা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.