দেশ

বেকসুর খালাসের পর অযোধ্যায় ব্রিজভূষণকে বীরের সংবর্ধনা, ‘শের আয়া’ স্লোগানে মুখর রোড শো

২০২৩ সালে ভারতের কুস্তি ফেডারেশনের তৎকালীন সভাপতি ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ তুলেছিলেন ছয়জন মহিলা কুস্তিগির। বিচার দাবিতে দিল্লির যন্তর মন্তরে দীর্ঘদিন আন্দোলনে সামিল হন দেশের শীর্ষস্থানীয় কুস্তিগিররা। আন্দোলন চলাকালীনই অলিম্পিকের প্রস্তুতি চালিয়ে গিয়েছিলেন ভিনেশ ফোগাট এবং পরে অলিম্পিকের ফাইনালেও পৌঁছেছিলেন। চলতি বছরের মে মাসে ভিনেশ প্রকাশ্যে জানান, অভিযোগকারী ছয়জন কুস্তিগিরের মধ্যে তিনিও একজন। তবে মামলার শুনানি শেষে আদালত জানায়, ব্রিজভূষণের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ করার মতো পর্যাপ্ত প্রমাণ পাওয়া যায়নি।

দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতের পর্যবেক্ষণ অনুযায়ী, মামলায় উপস্থাপিত সাক্ষ্য ও নথিপত্র অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগ প্রতিষ্ঠা করার জন্য যথেষ্ট নয়। সেই কারণেই ব্রিজভূষণ শরণ সিং এবং সহ-অভিযুক্ত বিনোদ তোমর—উভয়কেই বেকসুর খালাস দেওয়া হয়েছে। রায় ঘোষণার পর আদালত চত্বরে প্রতিক্রিয়া জানিয়ে ব্রিজভূষণ বলেন, “আদালত আমাকে নির্দোষ ঘোষণা করেছে। আমি আগেই বলেছিলাম, দোষী প্রমাণিত হলে আত্মহত্যা করব। আজ আদালতের রায়ে আমি সম্পূর্ণ মুক্ত।”

খালাসের রায়ের পর প্রথমবার অযোধ্যায় পৌঁছান প্রাক্তন বিজেপি সাংসদ। বিমানবন্দরে ঢাক-ঢোল বাজিয়ে তাঁকে স্বাগত জানান সমর্থকেরা। এরপর হুডখোলা গাড়িতে চেপে গোন্ডার উদ্দেশে রওনা দেন তিনি। রাস্তার দু’ধারে ভিড় জমায় অসংখ্য মানুষ। আতশবাজি, ফুলের বর্ষণ এবং ‘শের আয়া’ স্লোগানে মুখর হয়ে ওঠে গোটা পথ। শতাধিক সমর্থকের উপস্থিতিতে তাঁর রোড শো কার্যত জনসমাবেশের চেহারা নেয়। পথে হনুমানগড়ি মন্দিরের বাইরে দাঁড়িয়ে প্রার্থনা করেন ব্রিজভূষণ। পরে তিনি ‘সত্যমেব জয়তে’ র‍্যালিতে অংশ নেন। গোটা সফরে তাঁর সঙ্গে ছিলেন ছেলে তথা বিজেপি সাংসদ করণভূষণ সিং। তাঁর দাবি, আদালতের এই রায় সত্যেরই জয় নিশ্চিত করেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.