শেষ হল জল্পনার পর্ব। ২০২৫ এশিয়া কাপের দিনক্ষণ ও আয়োজক দেশ অবশেষে ঘোষণা করল এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। ঢাকায় অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভার পরে এসিসি চেয়ারম্যান মহসিন নকভি জানিয়ে দিলেন, আসন্ন এশিয়া কাপ টি-টোয়েন্টি ফরম্যাটে অনুষ্ঠিত হবে ৯ থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত। আয়োজক সংযুক্ত আরব আমিরশাহি। আর সবথেকে বড় চমক—একই গ্রুপে থাকতে পারে ভারত ও পাকিস্তান। তাই এক মাসে তিনবারের জন্য হতে পারে ক্রিকেট বিশ্বের সবচেয়ে কাঙ্ক্ষিত দ্বৈরথ।
প্রতিযোগিতায় অংশ নেবে মোট আটটি দল—ভারত, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, আফগানিস্তান, সংযুক্ত আরব আমিরশাহি, হংকং এবং ওমান। দলগুলি দু’টি গ্রুপে ভাগ হবে। প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ দুই দল যাবে সুপার ফোরে। তারপর ফাইনালে মুখোমুখি হবে শীর্ষ দুই দল। সূত্র অনুযায়ী, ভারত-পাকিস্তান ম্যাচ প্রথম হতে পারে ১৪ সেপ্টেম্বর, এরপর সুপার ফোরে দেখা হলে ২১ সেপ্টেম্বর, আর উভয় দল ফাইনালে উঠলে ২৮ সেপ্টেম্বর আবার হবে মহারণ।
ক্রিকেট বিশ্লেষকদের মতে, এই তিন সম্ভাব্য লড়াই শুধু ফ্যানেদের উত্তেজনাই নয়, বাণিজ্যিক ভাবেও বিসিসিআই ও এসিসির জন্য বিশাল লাভজনক। আবু ধাবি ও দুবাইয়ের মতো ভেন্যুতে রাতের ম্যাচগুলি তৈরি করবে অসাধারণ পরিবেশ। তীব্র প্রতিদ্বন্দ্বিতার পাশাপাশি, এশিয়া কাপ এবার হয়ে উঠতে পারে ওয়ার্ম-আপ মঞ্চ আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে। বাকি সূচি ও সময়সূচি শীঘ্রই প্রকাশ পাবে।







