অসুস্থ মিঠুন চক্রবর্তী। সম্প্রতি বাইপাস সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে মহাগুরুর অস্ত্রোপচার হয়েছে। শুক্রবার সকালে বিজেপি নেতা-অভিনেতাকে দেখতে হাসপাতালে হাজির হয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর সঙ্গে ছিলেন যাদবপুরের বিধায়ক শর্বরী মুখোপাধ্যায়-সহ আরও অনেকে। এরপর শুক্রবার রাতেই হাসপাতালে গিয়ে মিঠুন চক্রবর্তীর সঙ্গে দেখা করেন অভিনেতা তথা তৃণমূল সাংসদ দেব।
লাদাখে ‘দেশু ৭’-এর শুটিং পর্ব শেষ করে শুক্রবার কলকাতায় ফিরেছেন দেব। পুজোর ছবির কাজ নিয়ে বর্তমানে চরম ব্যস্ততার মধ্যে রয়েছেন তিনি। কারণ, এই ছবিতে একসঙ্গে একাধিক দায়িত্ব সামলাচ্ছেন দেব। তিনি ছবিটির প্রযোজক, পাশাপাশি মুখ্য চরিত্রে অভিনয় করছেন। এরই সঙ্গে ‘দেশু ৭’-এর মাধ্যমে পরিচালক হিসেবেও আত্মপ্রকাশ করতে চলেছেন। সিনেমার এই ব্যস্ততার পাশাপাশি রয়েছে সাংসদ হিসেবে তাঁর দায়িত্বও।
এত ব্যস্ততার মধ্যেও শুক্রবার রাতে পিতৃসম মিঠুন চক্রবর্তীর শারীরিক অবস্থার খোঁজ নিতে বাইপাসের ধারের হাসপাতালে ছুটে যান দেব। সেখানে প্রিয় মহাগুরুর সঙ্গে দেখা করে আবেগাপ্লুত হয়ে পড়েন অভিনেতা। পরে সোশাল মিডিয়ায় সেই সাক্ষাতের ছবি পোস্ট করে মিঠুনের দ্রুত সুস্থতা কামনা করেন তিনি। মিঠুনকে উদ্দেশ করে দেব লেখেন, “তুমি সবসময়েই আমার কাছে বাবার মতো। তোমার সুস্বাস্থ্য, সুখ এবং যা কিছু প্রাপ্য, তার সবটাই যেন তুমি পাও— এটাই কামনাই করি।” একটি ছবিতে দেবের মোবাইলের স্ক্রিনের দিকে মিঠুনকে তাকিয়ে থাকতেও দেখা গিয়েছে।
মিঠুন চক্রবর্তীর সঙ্গে দেবের সম্পর্ক দীর্ঘদিনের। এই ঘনিষ্ঠতার কারণে তৃণমূলের শাসনকালে দলের অন্দরেই একাধিকবার সমালোচনার মুখে পড়তে হয়েছিল দেবকে। বিরোধী শিবিরের নেতা-অভিনেতা মিঠুনের প্রতি তাঁর ‘প্রীতি’ নিয়ে দলেরই অনেকে প্রশ্ন তুলেছিলেন। কিন্তু সেই সমালোচনাকে কখনও গুরুত্ব দেননি দেব। রাজনৈতিক মতপার্থক্যকে পাশে রেখে বরাবরই মিঠুনের সঙ্গে বাবা-ছেলের মতো সম্পর্ক বজায় রেখেছেন তিনি।
দুজনের এই সম্পর্কের প্রতিফলন দেখা গিয়েছিল ‘প্রজাপতি’ ছবিতেও। সেখানে বাবা-ছেলের ভূমিকায় দেব ও মিঠুনের রসায়ন দর্শকদের নজর কেড়েছিল। ছবির সাফল্যের পর মহাগুরুর সঙ্গে ভবিষ্যতে আরও একাধিক ছবিতে কাজ করার ইচ্ছার কথাও জানিয়েছিলেন দেব। এরপরই তাঁকে রাজনৈতিকভাবে কটাক্ষের মুখে পড়তে হয়েছিল।
তবে নিজের অবস্থানে বরাবরই অনড় থেকেছেন দেব। তাঁর বক্তব্য ছিল, যে রাজনীতি ব্যক্তিগত সম্পর্ককে সম্মান করে না, সেই রাজনীতিতে তিনি বিশ্বাসী নন। তাঁর কাছে রাজনৈতিক পরিচয়ের চেয়ে কাছের মানুষ এবং সম্পর্কের গুরুত্ব অনেক বেশি। মিঠুনের ক্ষেত্রেও সেই অবস্থানই বজায় রাখলেন দেব। রাজনৈতিকভাবে দুই ভিন্ন শিবিরে থাকলেও তাঁদের পারস্পরিক সম্পর্ক যে রাজনীতির ঊর্ধ্বে, শুক্রবারের এই সাক্ষাৎ যেন আরও একবার তারই প্রমাণ দিল।







