দলের অন্দরে তোলাবাজি নিয়ে বিতর্কের মধ্যেই এবার পূর্ব বর্ধমানের কাটোয়ায় বিজেপির কয়েকজন নেতার বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠল। সরকারি দফতরের এক ল ক্লার্কের কাছ থেকে কাজের বিনিময়ে পাঁচ লক্ষ টাকা দাবি এবং টাকা না দেওয়ায় মারধর ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। ঘটনায় কাটোয়া থানায় বিজেপির পাঁচ স্থানীয় নেতার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের হয়েছে।
অভিযোগকারী সুজন ঘোষ কাটোয়ার ভূমি ও ভূমি সংস্কার দফতরের সঙ্গে যুক্ত। তাঁর দাবি, স্থানীয় বিজেপি নেতাদের একাংশ তাঁর কাছে পাঁচ লক্ষ টাকা দাবি করেন। চাপের মুখে তিনি ২০ হাজার টাকা দেন বলেও অভিযোগ। এরপরই তাঁকে ফের টাকা দেওয়ার জন্য চাপ দেওয়া হয় এবং টাকা দিতে অস্বীকার করায় তাঁর উপর চড়াও হয়ে মারধর করা হয় বলে দাবি অভিযোগকারীর।
শুধু তাই নয়, তাঁকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে প্রাণে মেরে ফেলার হুমকিও দেওয়া হয়েছে বলে অভিযোগ সুজন ঘোষের। ঘটনার পর নিরাপত্তার আশঙ্কায় তিনি কাটোয়া থানায় গিয়ে বিজেপির নগর সভাপতি, সাধারণ সম্পাদক, সম্পাদক-সহ পাঁচ নেতার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন।
তবে অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন অন্যতম অভিযুক্ত কাটোয়া বিজেপির নগর সভাপতি সুমন দেবনাথ। তাঁর দাবি, সুজন ঘোষ নামে কোনও ব্যক্তিকেই তিনি চেনেন না। তাঁর সঙ্গে ওই ব্যক্তির দেখা বা ফোনে কথাও হয়নি। ফলে টাকা চাওয়ার অভিযোগেরও কোনও ভিত্তি নেই বলে দাবি বিজেপি নেতার।
সুমন দেবনাথের আরও অভিযোগ, দলেরই অভ্যন্তরের কেউ পরিকল্পিতভাবে তাঁকে এবং বিজেপিকে বদনাম করার চেষ্টা করছে।
ঘটনাকে কেন্দ্র করে কাটোয়ায় রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। অভিযোগের ভিত্তিতে পুলিশ কী পদক্ষেপ করে এবং ঘটনার নেপথ্যে প্রকৃত কারণ কী, এখন সেদিকেই নজর।







