‘নব্য’ বিজেপিদের দাপট ও অনিয়ম ঠেকাতে শুরু থেকেই কড়া অবস্থান নিয়েছে রাজ্যের শাসকদল। বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য থেকে কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বনসল—দলের একাধিক শীর্ষ নেতা প্রকাশ্যেই সতর্ক করেছেন, কোনও ধরনের হুমকি বা তোলাবাজি বরদাস্ত করা হবে না। তারপরও বিভিন্ন জেলায় বিজেপি কর্মীদের বিরুদ্ধে তোলাবাজি ও হুমকির অভিযোগ ক্রমেই সামনে আসছে। অভিযোগ উঠলেই দলীয় স্তরে পদক্ষেপও করা হচ্ছে।
এবার সেই ‘তোলাবাজ’দের চিহ্নিত করে তালিকা তৈরির দায়িত্ব বিরোধী দলকেও দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শুক্রবার নবান্নে ‘আসল’ তৃণমূলের বিধায়কদের সঙ্গে বৈঠকে বিষয়টি ওঠে। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের দাবি, মুখ্যমন্ত্রী তাঁদের নির্দেশ দিয়েছেন, বিধানসভা এলাকা ধরে কোন বিজেপি কর্মীদের বিরুদ্ধে এমন অভিযোগ রয়েছে, তাঁদের নামের তালিকা তৈরি করে তাঁর কাছে জমা দিতে। অভিযোগ খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাসও দিয়েছেন তিনি।
গত ৪ মে বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর রাজ্যের বিভিন্ন প্রান্তে তৃণমূল ছেড়ে একাধিক রাজনৈতিক কর্মী বিজেপিতে যোগ দেন। রাতারাতি দলবদল করে নিজেদের শাসক শিবিরের কর্মী হিসেবে পরিচয় দিতে শুরু করেন অনেকে। অভিযোগ, রাজনৈতিক পরিচয় বদলালেও তাঁদের পুরনো আচরণ বদলায়নি। বরং বিভিন্ন এলাকায় তৃণমূল কর্মী-সমর্থকদের কাছ থেকে টাকা আদায়ের জন্য চাপ সৃষ্টি, হুমকি দেওয়া-সহ নানা অভিযোগে এই ‘নব্য’ বিজেপিদের নামই সামনে আসছে। ফলে শাসকদলের নিচুতলার কর্মী-সমর্থকদের মধ্যে অসন্তোষ ও আতঙ্ক তৈরি হচ্ছে বলে বৈঠকে জানান ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং আখরুজ্জামানরা।
ঋতব্রতর দাবি, মুখ্যমন্ত্রী তাঁদের অভিযোগ গুরুত্ব দিয়ে শুনেছেন। এরপরই বিধানসভা ভিত্তিক তালিকা তৈরির পরামর্শ দেন তিনি। কোন বিজেপি কর্মী কার কাছে কত টাকা চাইছেন, কোথায় চাপ বা হুমকি দেওয়া হচ্ছে—এই সমস্ত তথ্য তালিকায় উল্লেখ করে মুখ্যমন্ত্রীর কাছে জমা দিতে বলা হয়েছে। অভিযোগের ভিত্তিতে প্রশাসনিকভাবে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন শুভেন্দু।
ঋতব্রত বলেন, অন্যায় বন্ধ করতে প্রশাসনের সদিচ্ছা প্রয়োজন। তাঁর কথায়, মুখ্যমন্ত্রী শুধু শাসকদলের নন, বিরোধীদেরও মুখ্যমন্ত্রী। তাই অন্যায় হলে দলমত নির্বিশেষে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করা উচিত।
এদিকে শনিবার বিধানসভায় সাংবাদিক বৈঠক করে কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন নিয়েও মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হওয়ার কথা জানান ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, প্রায় ন’বছর ধরে রাজ্যে ছাত্র সংসদ নির্বাচন বন্ধ রয়েছে। দ্রুত নির্বাচন আয়োজনের দাবিতে মুখ্যমন্ত্রী এবং উচ্চশিক্ষামন্ত্রীর কাছে চিঠি দেওয়া হবে। দীর্ঘদিন ছাত্রভোট বন্ধ রাখাকে ‘ফ্যাসিজম’ বলেও মন্তব্য করেন তিনি। তাঁদের দাবি, যত দ্রুত সম্ভব কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন চালু করতে হবে।







