বিনোদনের দুনিয়ায় ফের চর্চায় শেহনাজ গিল। তবে এবার প্রেমের গুঞ্জন নয়, শুটিং সেটের এক ভয় ধরানো ঘটনায় খবরের শিরোনামে অভিনেত্রী। শুটিং চলাকালীন আচমকাই নাকের নথ মুখের ভিতর চলে যায় শেহনাজের। এরপরই শুরু হয় কাশি। মুহূর্তের সেই ঘটনার ভিডিও প্রকাশ্যে আসতেই উদ্বেগ ছড়িয়েছে অনুরাগীদের মধ্যে।
সম্প্রতি রাঘব জুয়ালের সঙ্গে সম্পর্কের গুঞ্জন ঘিরে আলোচনায় রয়েছেন শেহনাজ। যদিও দু’জনেই একাধিকবার নিজেদের শুধুমাত্র ‘ভালো বন্ধু’ বলে দাবি করেছেন। সেই চর্চার মধ্যেই শুটিং সেটের একটি অপ্রত্যাশিত ঘটনা নতুন করে নজর কেড়েছে।
ঘটনাটি ঘটে পাঞ্জাবি রোমান্টিক পিরিয়ড ড্রামা ‘ইশকনামা’-র শুটিংয়ের সময়। শুটিং সেটের নেপথ্যের একটি ভিডিওতে দেখা যায়, দ্রুত ছুটছিলেন শেহনাজ। আচমকাই তাঁর নাকের নথ মুখের ভিতরে ঢুকে যায়। বিষয়টি বুঝতে পেরেই কাশতে শুরু করেন অভিনেত্রী। মুহূর্তের মধ্যেই পরিস্থিতি সামলাতে এগিয়ে আসেন সহ-অভিনেতা সৌরভ সচদেব।
ভিডিওতে দেখা যায়, শেহনাজের পিঠে চাপড় দিয়ে তাঁকে স্বস্তি দেওয়ার চেষ্টা করছেন সৌরভ। কয়েক মুহূর্তের জন্য সেটের পরিবেশও বেশ উদ্বেগজনক হয়ে ওঠে। পরে অবশ্য শেহনাজকে স্বাভাবিক অবস্থায় দেখা যায়। নিজের সোশ্যাল মিডিয়াতেই ঘটনার নেপথ্যের ভিডিও ভাগ করে নিয়েছেন অভিনেত্রী।
ভিডিওটি সামনে আসতেই শেহনাজের অনুরাগীরা নানা মন্তব্যে ভরিয়ে দিয়েছেন। কেউ তাঁকে ভবিষ্যতে আরও সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন, কেউ আবার কাজের প্রতি তাঁর নিষ্ঠার প্রশংসা করেছেন। এক ভক্তের কথায়, “কাজের প্রতি তোমার ভালোবাসা সত্যিই প্রশংসনীয়, কিন্তু নিজের নিরাপত্তার কথাও মাথায় রেখো।”
অন্য এক অনুরাগী লিখেছেন, শেহনাজ ঠিক আছেন দেখে স্বস্তি পেয়েছেন তিনি। আবার কেউ অভিনেত্রীর পেশাদারিত্বের প্রশংসা করে তাঁকে ‘কুইন’ বলেও অভিহিত করেছেন।
প্রসঙ্গত, শেহনাজের হাতে এখন একাধিক কাজ। ‘ইশকনামা’-য় মুখ্য ভূমিকায় দেখা যাবে তাঁকে। পাশাপাশি আগামী ১১ সেপ্টেম্বর মুক্তি পাওয়ার কথা ‘সিং ভার্সেস কৌর ২’-এর। ফলে কাজের ব্যস্ততার মাঝেই এই দুর্ঘটনা যে অনুরাগীদের কিছুটা হলেও চিন্তায় ফেলেছে, তা স্পষ্ট।







