যাদবপুরে তৃণমূলের অন্দরে ফের প্রকাশ্যে এল টানাপোড়েন। গড়ফা এলাকায় দলীয় কার্যালয় থেকে খুলে ফেলা হল যাদবপুরের সাংসদ সায়নী ঘোষের নেমপ্লেট। শুধু তাই নয়, তাঁর সহকারীকে কার্যালয় থেকে বের করে দেওয়ারও অভিযোগ উঠেছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তৈরি হয়েছে রাজনৈতিক উত্তেজনা।
ঘটনাটি যাদবপুর লোকসভা কেন্দ্রের ১০৬ নম্বর ওয়ার্ডের গড়ফা এলাকার দুলাল দাস ঠাকুর ভবনে। অভিযোগ, ওই ভবনে থাকা সায়নী ঘোষের অফিসে তালা মেরে দেওয়া হয়েছে। বসুন্ধরা গোস্বামীর নেতৃত্বেই এই পদক্ষেপ করা হয়েছে বলে দাবি।
এরপরই অফিসের বাইরে থাকা সায়নী ঘোষের নেমপ্লেট খুলে ফেলা হয়। একইসঙ্গে তাঁর সহকারীকে কার্যত ঘাড়ধাক্কা দিয়ে বের করে দেওয়ার অভিযোগ সামনে এসেছে। ঘটনাকে ঘিরে শুরু হয়েছে জোর রাজনৈতিক চর্চা।
যাদবপুরে সাংসদের দলীয় কার্যালয় নিয়েই এই ঘটনা প্রকাশ্যে আসায় তৃণমূলের অভ্যন্তরীণ সমীকরণ নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে। দলের স্থানীয় স্তরে মতবিরোধের জেরেই কি এই পদক্ষেপ, নাকি এর পিছনে রয়েছে অন্য কোনও কারণ—তা নিয়েই এখন জল্পনা তুঙ্গে।
ঘটনার পর থেকেই গড়ফা এলাকায় রাজনৈতিক মহলে শুরু হয়েছে চাপানউতোর। যদিও এই ঘটনায় সংশ্লিষ্ট পক্ষের বক্তব্য সামনে এলে ছবিটা আরও স্পষ্ট হবে।







