জেলা

নতুন গাড়ি চালানো শেখার শখই কাল হল! কেষ্টপুরের পুকুরে পড়ে প্রাণ গেল বধূর

বুধবার সকালটা অন্য দিনের মতোই শুরু করেছিলেন কেষ্টপুরের প্রফুল্ল কাননের বাসিন্দা সুমিত্রা দাস। মেয়েকে স্কুটিতে করে স্কুলে পৌঁছে দেওয়ার পর আর বাড়ি ফেরেননি তিনি। স্বামীর সদ্য কেনা নতুন গাড়িটি নিয়ে গাড়ি চালানোর অনুশীলনে বেরিয়েছিলেন। কিন্তু সেই যাত্রাই শেষ পর্যন্ত পরিণত হল মর্মান্তিক দুর্ঘটনায়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, এখনও গাড়ি চালানোর লাইসেন্স হাতে পাননি সুমিত্রা। আগামী ২২ অগস্ট তাঁর ড্রাইভিং পরীক্ষার কথা ছিল। তার প্রস্তুতি হিসেবেই এ দিন নতুন গাড়ি নিয়ে বেরিয়েছিলেন তিনি।

কেষ্টপুরের একটি পুকুরের কাছে গিয়ে আচমকাই গাড়িটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন সুমিত্রা। পুলিশের প্রাথমিক অনুমান, ব্রেকের বদলে ভুল করে অ্যাক্সিলারেটরে চাপ পড়ে যাওয়াতেই গাড়িটি দ্রুত এগিয়ে পুকুরে পড়ে যায়।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকল ও বাগুইআটি থানার পুলিশ। শুরু হয় গাড়ি উদ্ধারের চেষ্টা। প্রায় দেড় ঘণ্টার পরিশ্রমের পর মাঝ-পুকুর থেকে গাড়িটিকে উদ্ধার করা সম্ভব হয়। গাড়ির ভিতরেই সুমিত্রার নিথর দেহ মেলে।

উদ্ধারের পর গাড়ির ভিতরের পরিস্থিতি দেখে পুলিশের ধারণা, শেষ মুহূর্ত পর্যন্ত বাঁচার চেষ্টা করেছিলেন ওই মহিলা। তাঁর মুখ ছিল পিছনের দরজার দিকে এবং পা স্টিয়ারিংয়ের কাছে আটকে ছিল।

দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। কীভাবে দুর্ঘটনাটি ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে। নতুন গাড়ি চালানোর আনন্দের বদলে মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে পরিবারের কাছে নেমে এল শোকের ছায়া।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.