প্রাক্তন বিধায়কদের চিকিৎসা খরচ বাবদ মাসিক ভাতা বাড়ানোর সিদ্ধান্ত ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বুধবার বিধানসভায় দাঁড়িয়ে তিনি জানান, এতদিন চিকিৎসা বাবদ প্রতি মাসে ৬ হাজার টাকা করে পেতেন প্রাক্তন বিধায়করা। এবার সেই ভাতা ৪ হাজার টাকা বাড়িয়ে মাসে ১০ হাজার টাকা করা হবে। আগস্ট মাস থেকেই নতুন হারে ভাতা কার্যকর হবে।
মুখ্যমন্ত্রী বলেন, আগের সরকার প্রাক্তন বিধায়কদের আর্থিক সুরক্ষার বিষয়ে যথেষ্ট গুরুত্ব দেয়নি। অথচ বহু প্রাক্তন বিধায়ক নিষ্ঠা ও সততার সঙ্গে নিজেদের দায়িত্ব পালন করেছেন। উদাহরণ হিসেবে মহিষাদলের প্রাক্তন বিধায়ক দীনবন্ধুর কথা উল্লেখ করেন তিনি। মুখ্যমন্ত্রীর দাবি, এখনও তিনি নিজে বাজার করেন, সাইকেলে যাতায়াত করেন। একইভাবে সুভাষ নস্করও রেলস্টেশনে বসে সাধারণ মানুষের সঙ্গে সময় কাটান এবং কাছের বাজার থেকেই প্রয়োজনীয় জিনিসপত্র কেনেন।
প্রাক্তন বিধায়কদের এমন পরিস্থিতির কথা মাথায় রেখেই চিকিৎসা ভাতা বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান শুভেন্দু। তিনি বলেন, এই সিদ্ধান্ত কার্যকর করতে আগামী বিধানসভা অধিবেশনে প্রয়োজনীয় আইন আনতে হবে। আগস্ট থেকে তা কার্যকর হলেও পরে বকেয়া অর্থ-সহ প্রাক্তন বিধায়কদের ভাতা দেওয়া হবে।
এদিন বিধানসভায় অসমের ভয়াবহ বন্যা পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। তাঁর বক্তব্য, বন্যায় প্রায় ১০০ জনের মৃত্যু হয়েছে। এই পরিস্থিতিতে অসমের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য। মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিল থেকে অসমকে ১০ কোটি টাকা সাহায্য দেওয়ার প্রস্তাব দেন তিনি। এই অর্থ অসমের মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হবে বলেও জানান শুভেন্দু অধিকারী।







