কেন্দ্র

প্যাকেট খুললেই চোখে পড়বে ‘বিপদ সংকেত’! নুন-চিনির হিসাব লুকোলে চলবে না, কেন্দ্রকে কড়া বার্তা সুপ্রিম কোর্টের

চিপস, বিস্কুট, নুডলস কিংবা ঠান্ডা পানীয়—দোকানের তাক থেকে পছন্দের খাবার তুলে নেওয়ার আগে এবার ক্রেতার চোখে পড়তে পারে গুরুত্বপূর্ণ সতর্কবার্তা। প্যাকেটজাত খাবারে অতিরিক্ত নুন, চিনি ও ক্ষতিকর ফ্যাট থাকলে তা স্পষ্টভাবে জানানোর ব্যবস্থা নিয়ে কেন্দ্রকে কড়া বার্তা দিল সুপ্রিম কোর্ট।

বিষয়টি নিয়ে দায়ের হওয়া জনস্বার্থ মামলাকের শুনানিতে বিচারপতি জে বি পারদিওয়ালা এবং বিচারপতি কে বিনোদ চন্দ্রনের বেঞ্চ কেন্দ্র ও খাদ্য নিরাপত্তা সংস্থা এফএসএসএআই-এর ভূমিকা নিয়ে প্রশ্ন তোলে। আদালতের বক্তব্য, খাবারে কী পরিমাণ নুন, চিনি বা ফ্যাট রয়েছে, সেই তথ্য জানার অধিকার অবশ্যই ক্রেতার রয়েছে।

শুনানিতে অভিযোগ ওঠে, খাদ্য প্রস্তুতকারী সংস্থাগুলির আপত্তির কারণে স্পষ্ট সতর্কবার্তার পরিবর্তে শুধু পুষ্টিগুণের একটি তালিকা দেওয়ার দিকে ঝুঁকছে এফএসএসএআই। বিষয়টি নিয়েই অসন্তোষ প্রকাশ করে শীর্ষ আদালত।

কেন্দ্রের তরফে যুক্তি দেওয়া হয়, দেশের প্রচলিত অনেক খাবার, বিশেষ করে নমকিন জাতীয় জলখাবারে নুন ও ফ্যাটের পরিমাণ বেশি। উন্নত দেশগুলির মতো কঠোর সতর্কবার্তার ব্যবস্থা চালু হলে বহু ভারতীয় পণ্যের প্যাকেটে ‘লাল সংকেত’ দিতে হতে পারে।

এই যুক্তি অবশ্য আদালত মানতে নারাজ। বিচারপতিরা প্রশ্ন তোলেন, দেশের মানুষ কি শুধুমাত্র কোনও সংস্থার ব্যবসায়িক স্বার্থের কথা ভেবে নিজের খাবার সম্পর্কে জানার অধিকার হারাবেন? আদালতের মতে, সতর্কবার্তা দেওয়ার অর্থ কোনও পণ্য নিষিদ্ধ করা নয়। বরং ক্রেতাকে তথ্য জানিয়ে সচেতন সিদ্ধান্ত নেওয়ার সুযোগ করে দেওয়া।

বিশেষ করে শিশুদের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করে আদালত জানায়, বিষয়টি শুধুমাত্র ব্যবসা বা প্যাকেজিংয়ের নয়—এর সঙ্গে কোটি কোটি মানুষের ভবিষ্যৎ স্বাস্থ্য জড়িয়ে রয়েছে।

এদিকে কেন্দ্রকে বিষয়টি নিয়ে পদক্ষেপ করার জন্য আরও দুই সপ্তাহ সময় দিয়েছে সুপ্রিম কোর্ট। নির্ধারিত সময়ের মধ্যে কার্যকর সিদ্ধান্ত না এলে পরবর্তী শুনানিতে আদালত নিজেই প্রয়োজনীয় নির্দেশ দিতে পারে বলেও স্পষ্ট করে দিয়েছে বেঞ্চ।

অর্থাৎ, আগামী দিনে প্যাকেটের গায়ে শুধু ‘কত ক্যালোরি’ বা ‘কত গ্রাম ফ্যাট’ লেখা থাকাই যথেষ্ট হবে কি না, তা নিয়ে বড় পরিবর্তনের সম্ভাবনা তৈরি হয়েছে। আদালতের বার্তা একটাই—কী খাচ্ছেন, সেটা জানার অধিকার ক্রেতার; সিদ্ধান্ত নেওয়ার অধিকারও তাঁরই।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.