সুপ্রিম কোর্টে স্বস্তি পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়। তাঁর অন্তর্বর্তীকালীন রক্ষাকবচের মেয়াদ আরও বাড়াল প্রধান বিচারপতি সূর্য কান্তের বেঞ্চ। আদালতের নির্দেশ অনুযায়ী, আগামী বুধবার পর্যন্ত সুমিতকে গ্রেফতার করা যাবে না। মামলার পরবর্তী শুনানি হবে ১৯ অগস্ট।
শুক্রবার সুমিত রায়ের অন্তর্বর্তীকালীন জামিনের আবেদনের শুনানি হয় সুপ্রিম কোর্টে। প্রধান বিচারপতি সূর্য কান্তের বেঞ্চে সওয়াল করেন সুমিতের আইনজীবী গোপাল শঙ্করনারায়ণ। তিনি জানান, তদন্তে সম্পূর্ণ সহযোগিতা করছেন তাঁর মক্কেল। গত আট দিনে তাঁকে ছয় বার জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে এবং প্রতিবারই তিনি তদন্তকারীদের সামনে হাজির হয়েছেন। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জিজ্ঞাসাবাদ করা হয়েছে তাঁকে।
এরপরই সুমিত রায়ের অন্তর্বর্তীকালীন রক্ষাকবচের মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নেয় আদালত। একই সঙ্গে তদন্ত কতদূর এগিয়েছে, তা জানতে চায় শীর্ষ আদালত। তদন্তের অগ্রগতি এবং জিজ্ঞাসাবাদে উঠে আসা তথ্য সম্পর্কে আদালতে রিপোর্ট জমা দেওয়ার জন্য সময় চান সলিসিটর জেনারেল তুষার মেহতা। আগামী সোমবার পর্যন্ত সময় চাওয়া হলে তা মঞ্জুর করে প্রধান বিচারপতির বেঞ্চ। এরপরই বুধবার ফের মামলাটি শুনানির জন্য রাখা হয়। ফলে বুধবার পর্যন্ত সুমিতের গ্রেফতারিতে স্থগিতাদেশ বহাল থাকল।
নিয়োগ দুর্নীতি মামলায় ইতিমধ্যেই কলকাতা হাইকোর্ট থেকে আগাম জামিন পেয়েছেন সুমিত। তবে শালবনি এলাকায় জমি সংক্রান্ত মামলায় আগাম জামিন না মেলায় তিনি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন। সেই মামলাতেই তাঁর গ্রেফতারির উপর স্থগিতাদেশ দিয়েছিল শীর্ষ আদালত।
তবে জমি ও চাকরি দুর্নীতির মামলা ছাড়াও সুমিত রায়ের বিরুদ্ধে আরও চারটি এফআইআর রয়েছে। সেই কারণে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে আগাম জামিন পাওয়ার পরও ফের কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন তিনি। গ্রেফতারির আশঙ্কায় রক্ষাকবচ চেয়ে দ্রুত শুনানির আবেদন জানিয়েছিলেন সুমিত। যদিও বিচারপতি সৌগত ভট্টাচার্য সেই আবেদন গ্রহণ করেননি। তাঁর বক্তব্য ছিল, মামলাটি জরুরি ভিত্তিতে শোনার মতো পরিস্থিতি তৈরি হয়নি। নিয়ম মেনেই পরবর্তী সময়ে মামলাটি তালিকাভুক্ত করে শুনানি হতে পারে।







