রাজনীতি

রাষ্ট্রপতির মন্তব্যে তীব্র তরজা, বিজেপির সঙ্গে ‘রাষ্ট্রপতিজি’র নাম জুড়লেন অভিষেক

শনিবার উত্তরবঙ্গ সফরে এসে কর্মসূচির ব্যবস্থাপনা নিয়ে প্রকাশ্যে অসন্তোষ প্রকাশ করেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। সেই মন্তব্যকে কেন্দ্র করে বিধানসভা নির্বাচনের আগে নতুন করে রাজনৈতিক সংঘাতে জড়াল তৃণমূল কংগ্রেস ও বিজেপি। ঘটনাপ্রবাহে এবার রাষ্ট্রপতিকেও বিজেপির সঙ্গে ‘একই শিবিরে’ দেখানোর অভিযোগ তুলল তৃণমূল।

তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সমাজমাধ্যমে একটি পোস্টে দাবি করেন, পশ্চিমবঙ্গের বিরুদ্ধে বিজেপি গোটা ব্যবস্থাকেই ব্যবহার করছে। তাঁর বক্তব্যে নির্বাচন কমিশন, ইডি, আয়কর দফতর, সিবিআই, এনআইএ, কেন্দ্রীয় বাহিনী, রাজ্যপাল, ২০ জন কেন্দ্রীয় মন্ত্রী, ১০টি রাজ্যের মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী এবং সংবাদমাধ্যমের একাংশের নামের পাশাপাশি উল্লেখ করা হয় ‘সম্মাননীয় রাষ্ট্রপতিজি’রও। অভিষেক লেখেন, “গোটা ব্যবস্থা পশ্চিমবঙ্গের বিরুদ্ধে একজোট হলেও পশ্চিমবঙ্গ আরও দৃঢ় হয়ে দাঁড়াবে।”

রাজ্যে বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট এখনও ঘোষণা হয়নি। তবে ভোটের প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। ভোটার তালিকা যাচাই প্রক্রিয়া বা এসআইআর-কে কেন্দ্র করে নির্বাচন কমিশন ও কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ধারাবাহিকভাবে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরই মধ্যে রাষ্ট্রপতির উত্তরবঙ্গ সফর ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।

শনিবার শিলিগুড়িতে আন্তর্জাতিক সাঁওতাল সম্মেলনে যোগ দিতে গিয়ে কর্মসূচির ব্যবস্থাপনা নিয়ে প্রকাশ্যেই অসন্তোষ প্রকাশ করেন রাষ্ট্রপতি মুর্মু। তিনি বলেন, “জানি না, মমতাদির আমার উপর কেন রাগ।” পশ্চিমবঙ্গের আদিবাসী সম্প্রদায়ের মানুষ সরকারি সুযোগ-সুবিধা পাচ্ছেন কি না, তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

রাষ্ট্রপতির নির্ধারিত কর্মসূচির স্থান পরিবর্তন নিয়েও বিতর্ক তৈরি হয়। অভিযোগ, পর্যাপ্ত জায়গা নেই—এই যুক্তি দেখিয়ে নির্দিষ্ট স্থানে অনুষ্ঠান করার অনুমতি দেওয়া হয়নি। পরে ফাঁসিদেওয়ায় গিয়ে রাষ্ট্রপতি বলেন, “প্রশাসনের মনে কী চলছিল জানি না। আমাকে বলা হয়েছিল পর্যাপ্ত জায়গা নেই। অথচ এখানে তো পাঁচ লক্ষ লোক হওয়ার কথা!”

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ করে রাষ্ট্রপতি আরও বলেন, “আমিও বাংলার মেয়ে। আমাকে বাংলায় আসতেই দেওয়া হয় না। মমতাদি আমার ছোট বোন। জানি না, আমার উপর কী রাগ। যাই হোক, কোনও অভিযোগ নেই, কোনও ক্ষোভ নেই। উনি ভাল থাকুন, আপনারাও ভাল থাকুন।”

রাষ্ট্রপতি যখন উত্তরবঙ্গে এই মন্তব্য করছেন, তখন কলকাতার ধর্মতলায় অবস্থান মঞ্চে ধর্নায় বসেছিলেন মুখ্যমন্ত্রী। ভোটার তালিকা যাচাই প্রক্রিয়ার বিরুদ্ধে ‘গণতন্ত্র রক্ষার’ দাবিতে সেই ধর্না কর্মসূচি চলছিল। সেখান থেকেই রাষ্ট্রপতির মন্তব্যের প্রতিক্রিয়া জানান মমতা।

মুখ্যমন্ত্রী বলেন, “আমার বলতে লজ্জা করছে। মাননীয়া রাষ্ট্রপতিকে আমরা সম্মান করি। কিন্তু তাঁকে দিয়েও পলিটিক্স বেচতে পাঠানো হয়েছে। বিজেপির এজেন্ডা বেচতে পাঠানো হয়েছে।” একই সঙ্গে তিনি অভিযোগ করেন, রাজ্যে রাষ্ট্রপতি শাসনের পরিকল্পনা আগাম ইঙ্গিত করতেই এই ধরনের বক্তব্য সামনে আনা হচ্ছে।

মমতার মন্তব্যের পরই প্রতিক্রিয়া জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সমাজমাধ্যমে তিনি লেখেন, “রাষ্ট্রপতির পদ রাজনীতির ঊর্ধ্বে। এই পদের মর্যাদা সর্বদা রক্ষা করা উচিত। আশা করি পশ্চিমবঙ্গ সরকার ও তৃণমূল কংগ্রেসের শুভবুদ্ধির উদয় হবে।”

মোদীর অভিযোগ, রাষ্ট্রপতির প্রতি অসম্মান দেখিয়ে সমস্ত সীমা লঙ্ঘন করেছে তৃণমূল সরকার এবং এর দায় রাজ্য প্রশাসনের। এরপরই প্রধানমন্ত্রীর বক্তব্যের জবাব দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর সেই প্রতিক্রিয়াতেই বিজেপির সঙ্গে বিভিন্ন কেন্দ্রীয় সংস্থার আঁতাঁতের অভিযোগের পাশাপাশি রাষ্ট্রপতিকেও উল্লেখ করে নতুন রাজনৈতিক বিতর্ক উস্কে দেন তিনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.