এশিয়া কাপের সুপার ফোরে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের জয় একপ্রকার নিশ্চিত হয়েছিল ওপেনিং জুটিতেই। অভিষেক শর্মা ও শুভমন গিল ৫৯ বলে ১০৫ রানের পার্টনারশিপ গড়ে দেন, যা রানতাড়ার গতি নির্ধারণ করে দেয়। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী মঞ্চে অধিনায়ক সূর্যকুমার যাদবের সঙ্গে আলাপচারিতায় অভিষেক শেয়ার করলেন সেই সফলতার গোপন রহস্য।
অভিষেক জানান, তাঁদের বোঝাপড়ার সূত্রপাত স্কুল ক্রিকেট থেকেই। অনূর্ধ্ব-১২ স্তর থেকে একসঙ্গে খেলার ফলে দু’জনের মধ্যে অদৃশ্য সমন্বয় তৈরি হয়েছে। তাঁর কথায়, “আমরা একে অপরকে এতটাই ভাল চিনি যে চোখের ইশারায় কথোপকথন হয়ে যায়। আমি জানি ও কখন বড় শট নেবে, আর ও জানে আমি কবে মারতে যাব।” অভিষেক হাসতে হাসতে আরও বলেন, শুভমনের দৌড়ঝাঁপ সামলাতে মাঝে মাঝে তিনি বিপাকে পড়েন, তাই আগে থেকে ইশারায় জানানোর অনুরোধও করেছেন।
ব্যাট হাতে ঝড় তুললেও বোলিংয়ে খুব একটা দেখা যায়নি অভিষেককে। সূর্যের প্রশ্নে তিনি ইঙ্গিত দিলেন, অধিনায়ক চাইলে সামনে তাঁকে বল হাতেও দেখা যেতে পারে। সেই কথার মাঝেই সূর্য রসিকতা করে বলেন, “দাঁড়াও দেখি অধিনায়ক কোথায় আছে।” এতে মাঠজুড়ে তৈরি হয় খুনসুটির পরিবেশ। পাকিস্তানের বিরুদ্ধে শতরান হাতছাড়া হলেও দলের প্রয়োজনে ঝুঁকি নেওয়ার দিকটাকেই বড় করে দেখালেন তিনি।
সব শেষে অভিষেক তাঁর পরিবারের অবদান ও দর্শকদের ভালবাসার কথা উল্লেখ করেন। প্রতিটি ইনিংসে ‘এল’ চিহ্ন দেখানোর ব্যাখ্যা দিয়ে বলেন, “এল মানে লাভ—ভালবাসা। এটাই আমার পরিবারের প্রতি, আর দেশের সমর্থকদের প্রতি নিবেদন।” গ্যালারিতে পরিবারের উপস্থিতি তাঁকে বাড়তি শক্তি দিয়েছে বলেও জানান অভিষেক। তাঁর স্পষ্ট বার্তা—এই সাফল্যের পেছনে শুধু ব্যক্তিগত প্রতিভা নয়, বরং কোচ গৌতম গম্ভীর ও অধিনায়ক সূর্যের ভরসা এবং পুরো দলের ঐক্যই সবচেয়ে বড় প্রেরণা।







