খেলাধুলা

ভারতের বিপক্ষে ‘একে৪৭’ ভঙ্গি, সমালোচনার ঝড়ে নির্লিপ্ত ফারহান

এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচ মানেই উত্তেজনার আবহ। মাঠের খেলা ছাড়িয়ে আবেগ ছড়িয়ে পড়ে গ্যালারি থেকে সোশ্যাল মিডিয়ায়। সেই আবেগকেই নতুন মাত্রা দিলেন পাকিস্তানের ওপেনার সাহিবজ়াদা ফারহান। ভারতের বিরুদ্ধে অর্ধশতরান করে তিনি ব্যাটকে বন্দুকের মতো তুলে ধরেন, যা জনপ্রিয় ‘একে৪৭ সেলিব্রেশন’ নামে পরিচিত। মুহূর্তেই ভাইরাল হয় তাঁর এই ভঙ্গি, আর শুরু হয় বিতর্কের ঝড়।

সমালোচনার মুখে অবশেষে নিজের অবস্থান পরিষ্কার করেছেন ফারহান। শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচের আগে সাংবাদিক বৈঠকে তিনি জানান, “ওটা পুরোপুরি হঠাৎ করা সিদ্ধান্ত। সাধারণত অর্ধশতরানের পর আমি বাড়তি উল্লাস করি না। তবে এ বার মনে হল কিছু আলাদা করব, তাই ওই ভঙ্গি করলাম। কে কী ভাবে নিল, তা নিয়ে আমি ভাবি না। আমার কাছে কিছু যায়-আসে না।” প্রতিপক্ষ ভারত হওয়ায় কি বাড়তি আবেগ কাজ করেছিল? সেই প্রশ্নের সরাসরি জবাব এড়িয়ে ফারহান দাবি করেন, তিনি সবসময় আক্রমণাত্মক ক্রিকেট খেলেন, প্রতিপক্ষের নাম তাঁর কাছে গৌণ।

তবে ক্রিকেটবিশ্বের এক বড় অংশ এই ব্যাখ্যা মানতে নারাজ। ভারত-পাকিস্তান সম্পর্কের বর্তমান প্রেক্ষাপটে, বিশেষত সাম্প্রতিক সীমান্ত উত্তেজনার পর এই ধরনের সেলিব্রেশন অনেকের কাছেই অসংবেদনশীল মনে হয়েছে। ধারাভাষ্যকার থেকে সাধারণ দর্শক—সবাই সমালোচনায় সরব। কেউ কেউ এমনকি এটিকে রাজনৈতিক বার্তা বলেও উল্লেখ করেছেন।

তবে বিতর্ক যাই হোক, ফারহান তাঁর আক্রমণাত্মক মানসিকতা নিয়েই এগোতে চান। তাঁর কথায় স্পষ্ট, মাঠে ব্যাট হাতে তিনি শুধু রান তুলতে চান, আর সেই উত্তেজনাকে প্রকাশ করার জন্য যেকোনও ভঙ্গিই তাঁর কাছে খেলারই অংশ। তবু প্রশ্ন থেকেই যাচ্ছে—এশিয়া কাপে এমন প্রতীকী উল্লাস কি শুধু খেলার আবেগ, নাকি তার আড়ালে অন্য কোনও ইঙ্গিত।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.