দেশ

‘স্বর্গ, মর্ত, পাতাল—যেখানেই থাকুক’, পহেলগাঁওয়ের পর মোদির সেই বার্তা কী ছিল? জানালেন ডোভাল

পহেলগাঁওয়ে ভয়াবহ জঙ্গি হামলার পর ভারতের পালটা জবাবের নেপথ্যে ঠিক কী বার্তা দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী? এবার সেই বিস্ফোরক তথ্য সামনে আনলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। ডিসকভারি-র তথ্যচিত্র ‘Declassified: Operation Sindoor’-এ তিনি জানিয়েছেন, হামলার পিছনে থাকা জঙ্গিদের খুঁজে বের করার বিষয়ে প্রধানমন্ত্রীর নির্দেশ ছিল অত্যন্ত স্পষ্ট।

ডোভালের দাবি, মোদী বলেছিলেন—হামলাকারীরা পৃথিবীর যে প্রান্তেই লুকিয়ে থাকুক, তাদের খুঁজে বের করতে হবে। তাঁর কথায়, ‘‘পৃথিবীতে হোক, আকাশে হোক, পাতালে হোক, যেখানেই থাকুক, আমরা তাদের খুঁজে বের করব।’’

২০২৫ সালের ২২ এপ্রিল পহেলগাঁওয়ে পর্যটকদের উপর হামলায় ২৬ জনের মৃত্যু হয়। সেই সময় বিদেশ সফরে ছিলেন প্রধানমন্ত্রী। দেশে ফেরার পর তাঁর প্রথম প্রশ্নই ছিল—‘‘কে এটা করেছে?’’ ডোভাল জানান, গোয়েন্দা সংস্থাগুলি দ্রুত হামলার নেপথ্যে থাকা ব্যক্তিদের চিহ্নিত করে।

এরপরই ৭ মে শুরু হয় অপারেশন সিঁদুর। পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে জঙ্গি পরিকাঠামো লক্ষ্য করে হামলা চালায় ভারতীয় বাহিনী। ডোভালের বক্তব্য, ভারতের সংযমকে দুর্বলতা হিসেবে দেখা উচিত নয়। দেশের সার্বভৌমত্ব রক্ষায় প্রয়োজন হলে ভারত ‘‘যতদূর যেতে হয়’’ ততদূর যেতে প্রস্তুত।

তথ্যচিত্রে প্রাক্তন সেনাপ্রধান-সহ শীর্ষ সামরিক কর্তাদের বক্তব্যও উঠে এসেছে। তাঁদের দাবি, অপারেশন সিঁদুর শুধু সামরিক জবাব নয়, সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের দীর্ঘমেয়াদি অবস্থানেরও প্রকাশ। বার্তা একটাই—সন্ত্রাসবাদ ও আলোচনা পাশাপাশি চলতে পারে না।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.