বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রস্তাবিত ভারত সফর বাতিল হয়নি। বরং দিল্লির জবাবের অপেক্ষায় রয়েছে ঢাকা—এমনটাই জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী। তাঁর বক্তব্যের পর ফের আলোচনায় এসেছে তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর।
এর আগে বাংলাদেশের বিদেশ মন্ত্রক জানিয়েছিল, সফরের আগে ভারত থেকে ‘অনুকূল পরিবেশ’-এর নিশ্চয়তা চায় ঢাকা। সেই পরিবেশের অন্যতম শর্ত হিসেবে শেখ হাসিনা এবং ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদীর হত্যাকাণ্ডে অভিযুক্তদের প্রত্যর্পণের বিষয়টি সামনে এসেছে।
যদিও দিল্লির তরফে এখনও প্রকাশ্যে কোনও প্রতিক্রিয়া দেওয়া হয়নি। কূটনৈতিক সূত্রের দাবি, শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে ভারত এখনই স্পষ্ট অবস্থান জানাতে আগ্রহী নয়। তবে হাদীর হত্যাকারীদের ফেরানোর প্রশ্নে দিল্লির অবস্থান তুলনামূলকভাবে নমনীয় হতে পারে বলে বাংলাদেশকে বার্তা দেওয়া হয়েছে।
এই পরিস্থিতিতে চলতি মাসেই তারেক রহমানের ভারত সফরের সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না দিল্লি। বিএনপির একাংশও মনে করছে, জ্বালানি সংকট, দ্বিপাক্ষিক বাণিজ্য এবং ভারত-বাংলাদেশ সম্পর্কের স্বার্থে শীর্ষ পর্যায়ে যোগাযোগ জরুরি। সম্প্রতি ভারত অতিরিক্ত ডিজেল সরবরাহ করে বন্ধুত্বের বার্তা দিয়েছে বলেও তাদের মত।
পাশাপাশি গঙ্গা ও তিস্তার জলবণ্টন নিয়েও আলোচনার প্রয়োজনীয়তা দেখছে বিএনপির ওই অংশ। বিশেষ করে গঙ্গা চুক্তির পুনর্নবীকরণ এবং তিস্তা নিয়ে নতুন করে আলোচনা শুরু করতে নরেন্দ্র মোদীর সঙ্গে তারেক রহমানের সরাসরি বৈঠক গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।
ফলে সফর বাতিলের জল্পনা কাটিয়ে ফের কূটনৈতিক আলোচনার পথেই এগোচ্ছে ঢাকা-দিল্লি সম্পর্ক।







