তারাপীঠে হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনার পরই নড়েচড়ে বসল বীরভূম জেলা প্রশাসন। অগ্নিনিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখে এবার একসঙ্গে ১৫টি হোটেল ও লজ বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। রামপুরহাটের মহকুমাশাসক জানিয়েছেন, সংশ্লিষ্ট হোটেলগুলিতে পর্যাপ্ত অগ্নিনির্বাপণ ব্যবস্থা এবং প্রয়োজনীয় দমকলের শংসাপত্র ছিল না।
প্রশাসনের দাবি, হোটেল কর্তৃপক্ষগুলিকে আগেও একাধিকবার সতর্ক করা হয়েছিল। এমনকী নোটিস পাঠানোর পরও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ। এরপরই কড়া পদক্ষেপের সিদ্ধান্ত নেয় প্রশাসন।
কোন কোন হোটেল বন্ধের নির্দেশ?
প্রশাসনের নির্দেশে বন্ধের তালিকায় রয়েছে— আদর্শ হোটেল, নকুলচন্দ্র লজ, শৈলেন ভবন, গীতশ্রী গেস্ট হাউস, বীরভূম লজ, হরেকৃষ্ণ ভবন, গিরিধারী ভবন, হোটেল দেব, তাপ্তি লজ, ভোলানাথ ভবন, আনন্দ ভবন, স্বস্তিক নিবাস, সন্দীপ লজ, কেশরী লজ এবং দত্ত ভবন।
তারাপীঠের মতো গুরুত্বপূর্ণ তীর্থস্থানে প্রতি বছর বিপুল সংখ্যক পুণ্যার্থীর সমাগম হয়। ফলে হোটেল ও লজগুলিতে অগ্নিনিরাপত্তা ব্যবস্থা যথাযথ না থাকলে বড়সড় বিপদের আশঙ্কা থেকেই যায়। সাম্প্রতিক অগ্নিকাণ্ডের পর সেই ঝুঁকি আর নিতে চাইছে না প্রশাসন।
জেলা প্রশাসনের এই পদক্ষেপে কার্যত স্পষ্ট— নিরাপত্তার সঙ্গে কোনওরকম আপস করা হবে না। যেসব হোটেলে অগ্নিনিরাপত্তার নিয়ম মানা হয়নি, সেগুলির বিরুদ্ধে আগামী দিনেও আরও কড়া পদক্ষেপ হতে পারে বলে প্রশাসনিক সূত্রে খবর।







