রাজ্যে রাজনৈতিক পরিবর্তনের পর ফের অনুপ্রবেশ ইস্যুতে উত্তপ্ত হয়ে উঠেছে সীমান্তবর্তী অঞ্চলগুলি। বাংলাদেশি ও রোহিঙ্গা অনুপ্রবেশকারীদের দ্রুত চিহ্নিত করে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে রাজ্য সরকার। ‘ডিটেক্ট-ডিলিট-ডিপোর্ট’ নীতি কার্যকর করতে ইতিমধ্যেই জেলাগুলিতে হোল্ডিং সেন্টার তৈরির নির্দেশ পাঠানো হয়েছে। এবার সেই অবস্থান আরও স্পষ্ট করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অনুপ্রবেশকারীদের উদ্দেশে তাঁর কড়া বার্তা, “যত দ্রুত সম্ভব চলে যান।”
উত্তর ২৪ পরগনার বসিরহাটের হাকিমপুর সীমান্ত এলাকায় সম্প্রতি সন্দেহভাজন অনুপ্রবেশকারীদের ভিড় বাড়তে দেখা গিয়েছে। তাঁদের অনেকেই বাংলাদেশে ফেরার চেষ্টা করছেন বলে সূত্রের খবর। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলেও শুরু হয়েছে ব্যাপক আলোচনা।
মঙ্গলবার কল্যাণীতে প্রশাসনিক বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী ফের ‘ডিটেক্ট-ডিলিট-ডিপোর্ট’ নীতির পক্ষে সওয়াল করেন। তাঁর বক্তব্য, এই আইন নতুন নয়, বহুদিন ধরেই রয়েছে, এবার তা কঠোরভাবে প্রয়োগ করা হচ্ছে। ধৃত অনুপ্রবেশকারীদের আদালতে পাঠানোর বদলে বিএসএফের মাধ্যমে সীমান্ত পেরিয়ে ফেরত পাঠানোর পক্ষেই মত দেন তিনি। একইসঙ্গে অনুপ্রবেশকারীদের রক্ষণাবেক্ষণে সাধারণ মানুষের অর্থ ব্যয়ের বিরোধিতাও করেন মুখ্যমন্ত্রী।
হাকিমপুর সীমান্তে অনুপ্রবেশকারীদের জমায়েত নিয়ে প্রশ্ন করা হলে শুভেন্দু অধিকারী বলেন, “আমি টিভিতে বিষয়টি দেখেছি। আমি শুধু বলব, যত তাড়াতাড়ি সম্ভব পালিয়ে যান।” পাশাপাশি তিনি প্রশ্ন তোলেন, “আমাদের খাদ্য, বস্ত্র, বাসস্থানের ভাগ আমরা কেন তাদের দেব?”
উল্লেখ্য, স্বরূপনগর ব্লকের হাকিমপুর চেকপোস্টে সম্প্রতি বহু সন্দেহভাজন বাংলাদেশি নাগরিককে বাংলাদেশে ফিরে যাওয়ার অপেক্ষায় দেখা গিয়েছে। এর আগেও এসআইআর চলাকালীন সীমান্ত এলাকায় এমন দৃশ্য সামনে এসেছিল। রাজনৈতিক পালাবদলের পর ফের সেই অনুপ্রবেশ ইস্যুকেই ঘিরে তৎপর হয়ে উঠেছে প্রশাসন।







