বিজেপি নেতা এবং পুরী লোকসভা আসনের দলীয় প্রার্থী সম্বিত পাত্রের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ভগবান জগন্নাথ সম্পর্কে মন্তব্য বিতর্কে সরগরম রাজনীতি। এর একটি ভিডিও ক্লিপও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। ভিডিওয় এক উড়িয়া চ্যানেলে তাঁকে বলতে শোনা যায়, ‘ভগবান জগন্নাথ প্রধানমন্ত্রী মোদীর ভক্ত।’
এবার ‘সম্বিৎ’ ফিরতেই প্রকাশ্যে ক্ষমা চাইলেন সম্বিত। ক্ষমাপ্রার্থনা করে এক্স হ্যান্ডলে পোস্ট করা একটি ভিডিয়োয় সম্বিত বলেছেন, ‘আজ আমার করা একটি ভুলের জন্য আমি আন্তরিক ভাবে ব্যথিত। পুরীতে আজ প্রধানমন্ত্রী মোদী এসেছিলেন। আমি সেই বিষয়ে বহু সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলি। ভিড়ের মধ্য সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে বলতে ভুলবশত ‘ভগবান শ্রীজগন্নাথের ভক্ত মোদী’ বলার বদলে ‘মোদীর ভক্ত জগন্নাথ’ বলে ফেলি। আমার এই ভুলের জন্য আমি প্রভু জগন্নাথের চরণে মাথা ঝুঁকিয়ে ক্ষমাপ্রার্থনা করছি। আমি এই ভুলের প্রায়শ্চিত্ত করার জন্য আগামী তিন দিন উপবাস করব।’
উল্লেখ্য, গতকাল অর্থাৎ সোমবার পুরীতে সম্বিত পাত্রের সমর্থনে রোড-শো করেন প্রধানমন্ত্রী। জগন্নাথের মন্দিরে দেন পুজোও। তার কিছু পরেই কয়েকটি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে সম্বিতকে বলতে শোনা যায় ‘মোদীর ভক্ত জগন্নাথ’! যা যথেষ্ট আলোড়ন ফেলে রাজনৈতিকমহলে। মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েকও উক্ত মন্তব্যের সমালোচনা করেন, সমালোচনায় সামিল হন বিরোধীরাও।







