নিজস্ব সংবাদদাতা : এবার এক সরকারি চিকিৎসকের বদলির জন্য তৃণমূলের চিকিৎসক সংগঠনের এক নেতার বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ উঠল। অভিযোগ পেয়ে রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা ও রাজ্য পুলিশের ডিজির কাছে তৃণমূলেরই রাজ্যসভার সাংসদ ও আইএমএ-র রাজ্য শাখার সম্পাদক শান্তনু সেন লিখিত অভিযোগ করলেন ।
যদিও অভিযুক্ত চিকিৎসক পাল্টা রাজনৈতিক প্রতিহিংসার তত্ত্ব দায়ের করে অভিযোগ উড়িয়ে দিয়েছেন । ইতিমধ্যে এই ঘটনাকে কেন্দ্র শুরু হয়েছে চাপানউতোর । এই ঘটনার সূত্রপাত হয়েছে মুর্শিদাবাদের বেলডাঙা ব্লকের শক্তিপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসক অনুপম মণ্ডলকে কেন্দ্র করে । উল্লেখ্য , আইএমএ-র রাজ্য শাখার সম্পাদক শান্তনু সেনকে চিঠি লিখে তিনি অভিযোগ করেন, নিজেকে প্রভাবশালী দাবি করে, বদলির জন্য তাঁর কাছ থেকে দফায় দফায় মোটা টাকা নিয়েছেন বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালের প্যাথলজি বিভাগে কর্মরত চিকিৎসক ।
বীরুপাক্ষ বিশ্বাস বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক হওয়ার পাশাপাশি তৃণমূলের চিকিৎসক সংগঠনের একজন নেতাও। এই পরিস্থিতিতে দলেরই চিকিৎসক সংগঠনের নেতার বিরুদ্ধে এই ধরনের অভিযোগপত্র পেয়ে, তা রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা ও রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্যর কাছে ফরওয়ার্ড করে কড়া ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন তৃণমূল সাংসদ শান্তনু সেন । অন্যদিকে চিকিৎসক বীরুপাক্ষ বিশ্বাস অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর দাবি, অনুপম মণ্ডল তাঁকে ৮ হাজার টাকা ধার দিয়েছিলেন। যার থেকে ৫ হাজার টাকা ফেরত দিয়ে দিয়েছেন তিনি ।
তৃণমূলের চিকিৎসক সংগঠনের নেতা বীরুপাক্ষ বিশ্বাস দাবি করেছেন , শান্তনু সেনের নাম না করেই শান্তনুর বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসার বশে অনুপম মণ্ডলকে চাপ দিয়ে অভিযোগ করানো হয়ে থাকতে পারে । এছাড়াও তিনি বলেছেন , যে কোনও রকম তদন্তের মুখোমুখি হতেও প্রস্তুত ।







