অস্বস্তিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজকেই উচ্চ আদালতের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, কুন্তল ঘোষের চিঠির প্রেক্ষিতে নিয়োগ দুর্নীতি মামলায় ইডি এবং সিবিআই জেরা করতে পারবে তাঁকে। পাশাপাশি, এদিন অভিষেকের ওপর পঁচিশ লক্ষ টাকার জরিমানা চাপিয়ে দেয় হাইকোর্ট। অভিষেকই শুধু নয়, নিয়োগ দুর্নীতি কাণ্ডে ধৃত কুন্তল ঘোষকেও ২৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। হিসেবে ৫০ লক্ষ টাকা জরিমানার নির্দেশ দান বিচারপতি অমৃতা সিনহার।
প্রসঙ্গত উল্লেখ্য, সম্প্রতি শহিদ মিনারে একটি সভায় অভিষেক বন্দ্যোপাধ্যায় ইডি ও সিবিআই-এর বিরুদ্ধে বিস্ফোরক দাবি করেন। বলেছিলেন, মদন মিত্র, কুণাল ঘোষদের দিয়ে জোর করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা অভিষেকের নাম বলানোর চেষ্টা করছেন। এরপর নিয়োগ সংক্রান্ত মামলায় ধৃত কুন্তল ঘোষের গলাতেও শোনা যায় একই কথা। তিনি দাবি করেন, অভিষেকের নাম বলতে চাপ দেওয়া হচ্ছে তাঁকে। চিঠির মাধ্যমে অভিযোগও জানান কুন্তল। সেই সংক্রান্ত মামলাতেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ইডি, সিবিআই জেরা করতে পারে বলেই জানান বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।
কুন্তল ঘোষের চিঠি সংক্রান্ত মামলা থেকে অব্যাহতি চেয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে তাঁকে রক্ষাকবচ দেয়নি কলকাতা হাইকোর্ট। গত শুক্রবার মামলার শুনানি ছিল। অভিষেকের আইনজীবী হাইকোর্টের পুরনো নির্দেশ পুনর্বিবেচনার হাইকোর্টের কাছে আর্জিও জানিয়েছিলেন।







