জামুড়িয়া: অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে অনিয়ম এবং যোগ্য উপভোক্তাদের আবেদন বাতিলের অভিযোগে জামুড়িয়া BDO দপ্তরে বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দারা। বিক্ষোভকারীরা দপ্তরের মূল গেটে তালা লাগিয়ে অবস্থান শুরু করেন।
বিক্ষোভকারীদের অভিযোগ, প্রকল্পের সুবিধা পাওয়ার যোগ্য বহু দরিদ্র মানুষের আবেদন আচমকাই রিজেক্ট করে দেওয়া হয়েছে। অথচ, যাঁরা যোগ্য নন, তাঁদের পরিবারের সদস্যরা প্রকল্পের সুবিধা পাচ্ছেন বলেও দাবি তাঁদের। কয়েকজন পুলিশ আধিকারিকের পরিবারের সদস্যদের সুবিধা পাওয়ার অভিযোগও তোলেন বিক্ষোভকারীরা।
তাঁদের দাবি, অনেক উপভোক্তা এর আগে নিয়মিত প্রকল্পের টাকা পেলেও চলতি মাসে তাঁদের আবেদন বাতিল হয়েছে। রিজেকশনের কারণ জানতে সকাল ১০টা থেকে তাঁরা BDO দপ্তরে অপেক্ষা করছিলেন। অভিযোগ, বেলা সাড়ে ১১টা পর্যন্ত কোনও আধিকারিক বা ডি-গ্রুপের কর্মীকে দেখা যায়নি। এরপরই ক্ষোভে দপ্তরের গেটে তালা লাগিয়ে বিক্ষোভ শুরু হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিক্ষোভকারীদের সরিয়ে দেয়। পরে দপ্তরের পক্ষ থেকে জানানো হয়, জয়েন্ট BDO তাঁদের সঙ্গে কথা বলবেন।
বিক্ষোভকারীদের দাবি, বাতিল হওয়া প্রতিটি আবেদনের সুনির্দিষ্ট কারণ জানাতে হবে। ভেরিফিকেশনে ভুল থাকলে বাড়ি বাড়ি তদন্ত করে প্রকৃত যোগ্যদের প্রকল্পের আওতায় আনারও দাবি জানিয়েছেন তাঁরা।
বিক্ষোভকারী সৌমিত্র চট্টোপাধ্যায়ের দাবি, প্রকৃত দরিদ্র মানুষ যাতে বঞ্চিত না হন, তা নিশ্চিত করতে হবে। এখন জয়েন্ট BDO-র সঙ্গে আলোচনার পর সমস্যার সমাধান হয় কি না, সেদিকেই নজর রয়েছে।







