জেলা

অন্নপূর্ণা যোজনা থেকে বঞ্চনার অভিযোগ, দুর্গাপুরে এসডিও দপ্তরের সামনে মহিলাদের পথ অবরোধ

দুর্গাপুর: অন্নপূর্ণা যোজনার সুবিধা থেকে বঞ্চিত থাকার অভিযোগ তুলে দুর্গাপুরে মহকুমা শাসকের (এসডিও) দপ্তরের সামনে পথ অবরোধ করে বিক্ষোভ দেখালেন একদল মহিলা। বৃহস্পতিবারের এই বিক্ষোভকে ঘিরে কিছুক্ষণের জন্য উত্তেজনা ছড়ায় এলাকায়।

বিক্ষোভকারী মহিলাদের অভিযোগ, আগের সরকারের আমলে তাঁরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা পেয়েছেন। কিন্তু বর্তমান সরকারের আমলে অন্নপূর্ণা যোজনার সুবিধা থেকে তাঁদের বঞ্চিত করা হচ্ছে। যোগ্য হওয়া সত্ত্বেও কেন তাঁরা প্রকল্পের সুবিধা পাচ্ছেন না, তা নিয়ে প্রশাসনের কাছে জবাবদিহির দাবি জানান তাঁরা।

এই দাবিতে বৃহস্পতিবার এসডিও দপ্তরের সামনের রাস্তায় প্রায় ৩০ মিনিট ধরে পথ অবরোধ করেন বিক্ষোভকারীরা। এর জেরে ওই রাস্তায় যান চলাচল ব্যাহত হয়। সমস্যায় পড়েন সাধারণ মানুষ ও পথচারীরা।

অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় নিউ টাউনশিপ থানার পুলিশ। পুলিশ আধিকারিকরা বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে তাঁদের অভিযোগ শোনেন এবং অবরোধ তুলে নেওয়ার জন্য বোঝানোর চেষ্টা করেন। শেষ পর্যন্ত পুলিশের হস্তক্ষেপে অবরোধ তুলে নেন মহিলারা। এরপর ধীরে ধীরে স্বাভাবিক হয় যান চলাচল।

বিক্ষোভকারীরা জানান, অন্নপূর্ণা যোজনার সুবিধা পাওয়ার দাবিতে আগামী দিনেও প্রশাসনের দ্বারস্থ হবেন তাঁরা। তাঁদের দাবি, প্রকল্পের সুবিধা পাওয়ার ক্ষেত্রে তাঁদের যোগ্যতা থাকা সত্ত্বেও কেন বঞ্চিত করা হচ্ছে, প্রশাসনকে তার স্পষ্ট কারণ জানাতে হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.