কানাডার ভ্যাঙ্কুভার-এর উদ্দেশে উড়ান, কিন্তু মাঝ আকাশেই ধরা পরল বড়সড় গাফিলতি। যার ফলে গন্তব্যে পৌঁছোনোর বদলে যাত্রীবোঝাই বিমানকে ফিরতে হল যেখান থেকে যাত্রা শুরু নয়াদিল্লিতেই। এয়ার ইন্ডিয়ার এই ঘটনাকে ঘিরে তৈরি হয়েছে ব্যাপক চাঞ্চল্য।
বৃহস্পতিবার সকালে নির্ধারিত সময়ে দিল্লি থেকে ছাড়ে এআই-১৮৫ উড়ান। কয়েক ঘণ্টা স্বাভাবিকভাবেই এগোচ্ছিল যাত্রা। কিন্তু চিনের আকাশসীমার কাছে পৌঁছতেই সামনে আসে অপ্রত্যাশিত তথ্য এই নির্দিষ্ট বিমানটি কানাডায় প্রবেশের অনুমতি পায়নি। সূত্রের খবর, সংশ্লিষ্ট বোয়িং ৭৭৭-২০০ এলআর মডেলের জন্য প্রয়োজনীয় ক্লিয়ারেন্স নেওয়া হয়নি। আন্তর্জাতিক বিমান চলাচলের নিয়ম অনুযায়ী, কোনও দেশের আকাশসীমায় প্রবেশের আগে সংশ্লিষ্ট দেশের অনুমতি বাধ্যতামূলক। তবে এয়ার ইন্ডিয়ার অন্য কিছু বিমানের ক্ষেত্রে সেই অনুমোদন রয়েছে, এই বিশেষ উড়ানের ক্ষেত্রে সেই প্রক্রিয়া সম্পূর্ণ হয়নি বলেই জানা গেছে।
এই পরিস্থিতি বুঝেই দ্রুত সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ—মাঝ আকাশ থেকেই উড়ানকে ফিরিয়ে আনা হয় দিল্লিতে।প্রায় ৮ ঘণ্টা আকাশে কাটানোর পর সন্ধ্যায় ফের অবতরণ করে বিমানটি। যাত্রীদের মধ্যে স্বাভাবিকভাবেই ক্ষোভ ও বিভ্রান্তি সৃষ্টি হয়। পরবর্তীতে এয়ার ইন্ডিয়া এই ঘটনাকে ‘অপারেশনাল ত্রুটি’ বলে স্বীকার করে। যাত্রীদের জন্য হোটেলে থাকার ব্যবস্থা করা হয়। এমনকি ঠিক তার পরের দিন বিকল্প ব্যবস্থায় তাঁদের গন্তব্যে পাঠানো হয়।
বিশেষজ্ঞদের মতে, এই ধরনের ভুল যাত্রী ভোগান্তি পাশাপাশি সংস্থার উপরও আর্থিক চাপের সৃষ্টি করে। দীর্ঘ সময় উড়ানের ফলে বিপুল জ্বালানি খরচ হয়েছে, পাশাপাশি সময় ও সম্পদের অপচয়ও কম নয়। কীভাবে অনুমতি ছাড়াই বিমানটি ছাড়ল, সেই প্রশ্নই এখন বড় হয়ে উঠছে।







